, , ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে গুলি ভর্তি বিদেশী পিস্তল ও ইয়াবাসহ ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। বৃহস্পতিবার রাত ২টার দিকে ঈশ্বরদী শহরের আলোবাগ মোড়স্থ মোহাম্মদ বিন সালাম নামের এক আ’লীগ নেতার বাসা থেকে তমালকে গ্রেফতার করে র্যাব। তমাল পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ছেলে এবং সদ্য সাবেক এমপি গালিবুর রহমান শরীফের ছোট ভাই।
গত ৪ আগস্ট ঈশ্বরদীতে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিতে হামলার দায়ে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল কে গ্রেফতার করে র্যাব-১২। গ্রেফতারকালে তমালের নিকট থেকে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ভর্তি ১টি ম্যাগজিন, ১০ পিচ ইয়াবা ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ আগস্ট ঈশ্বরদীতে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ নজরুল ইসলাম বাদী হয়ে গত ১৫ আগস্ট ঈশ্বরদী থানায় সদ্য সাবেক সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ ও তার ছোট ভাই শিরহান শরীফ তমাল সহ ৭১ জনের নাম এবং আরও ৮০-৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত যুবলীগ সভাপতি তমালকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব কমান্ডার এহতেশামুল হক খান আরও জানান, শিরহান শরীফ তমালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে একজন পলাতক আসামি। তাকে বৃহস্পতিবার গভীর রাতে ঈশ্বরদীর আলোবাগ এলাকার একটি বাসা থেকে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ভর্তি ১টি ম্যাগজিন, ১০ পিচ ইয়াবা ও ১টি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। তাকে ঈশ্বরদী থানায় সৌপর্দ করা করা হবে বলেও জানান র্যাবের এই শীর্ষ কর্মকর্তা।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, অস্ত্র ও মাদকসহ ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে র্যাব-১২ কর্তৃক গ্রেফতারের বিষয়টি তারা জেনেছেন। তবে শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত র্যাব তমালকে ঈশ্বরদী থানায় সৌপর্দ করেনি। তমালের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা হতে পারে বলেও জানান তিনি।