সর্বশেষ সংবাদ :

এখনো বাড়েনি পদ্মার পানি আতঙ্ক রয়েছে জনমনে

স্টাফ রিপোর্টার: ফারাক্কা বাঁধের সবগুলো গেট ভারত খুলে দিলেও গত ১৫ ঘন্টায় একটু পানি বাড়েনি। ভারতের গঙ্গা নদীতে থাকা ফারাক্কা বাঁধটিতে মোট ১০৯টি গেট রয়েছে। সোমবার সবগুলো গেটই খুলে দেওয়া হয়েছে। গেট খুলে দেওয়ার খবর গণমাধ্যমের ছড়িয়ে পড়ার রাজশাহী অঞ্চলজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অথচ গেট খুলে দেওয়ার আগ থেকেই বাড়ছে পদ্মার পানি। তবে সোমবার পানি বৃদ্ধির হার আরও একটু বেশি ছিল। সেটি রাত ৯টার পর আর বাড়েনি বলে দাবি করেছেন পদ্মা পাড়ের বাসিন্দারা।
রাজশাহী নগরের বড়কুটি পয়েন্টে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। সেখানে সোমবার ভোর ৬টায় পানির উচ্চতা পাওয়া গেছে ১৬ দশমিক ২৭ মিটার। সকাল ৯টায় পানির উচ্চতা আরও এক সেন্টিমিটার বেশি পাওয়া যায়। বিকাল ৩টায় পানির উচ্চতা পাওয়া যায় ১৬ দশমিক ৩০ মিটার। আজ সকাল ৬টা পর্যন্ত সেটি অপরিবর্তিত ছিল। অথার্ৎ পানি বাড়েনি একটুও।
রাজশাহীর শহর থেকে ২০ কিলোমিটার দূরে চারঘাট উপজেলার সারদায় পদ্মার পানির বিপৎসীমা ১৬ দশমিক ৯২ মিটার। সোমবার ভোর ৬টায় এখানে পানির উচ্চতা ১৫ দশমিক ০৫ মিটার এবং সকাল ৯টা ও বিকাল ৩টায় পানির উচ্চতা পাওয়া গেছে ১৫ দশমিক ০৬ মিটার। এখন রাজশাহীর বড়কুঠি পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১ দশমিক ৭৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেটিও মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত একই ছিল।
এদিকে ফারাক্কার পানি ছেড়ে দেয়ার কারণে রাজশাহী অঞ্চলের জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। অনেক মানুষ রাতের বেলাও ভিড় করছে পদ্মার পাড়ে পানি বৃদ্ধির বিষয়টি নিজ চোখে দেখার জন্য। কেউ মোবাইলে আলো জ্বালিয়ে পানি দেখতে দেখা গেছে। মঙ্গলবার রাতে বড়কুঠি এলাকায় পদ্মার পাড়ে নদীর পানি দেখতে গিয়েছিলেন রাজশাহী মহানগরীর সাধুর মোড় এলাকার মিলন। তিনি বলেন, ফারাক্কার সব গেইট খুলে দিয়েছে। তা নিয়ে বেশ চিন্তায় আছেন তিনি। সে জন্য পানি দেখতে তিনি এসেছেন। তবে, পানি না বাড়ায় মনে কিছুটা স্বস্তি ফিরেছে।
সোমবার বিকেল থেকেই অনেকেই বাড়িতে শুকনা খাবারও মজুদ শুরু করেন। কেউ কেউ শহরের লাইফ জ্যাকেট বিক্রির দোকানগুলোতেও ভিড় করতে থাকেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘আমরা সাধারণত ১০ দিনের জন্য নদ-নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিই। আগামী ১০ দিনের মধ্যেও পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করবে না। তারপরেও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না নদীতে পানি বাড়ছে বলে। রোববার দুপুর থেকেই পানি বাড়ছে। আরও ২-৩ দিন পার হলে প্রকৃত অবস্থা বোঝা যাবে।’


প্রকাশিত: August 28, 2024 | সময়: 5:25 am | সুমন শেখ

আরও খবর