সর্বশেষ সংবাদ :

শোকাবহ আগস্ট

সানশাইন ডেস্ক : বুধবার থেকে শুরু হলো শোকের মাস আগস্ট। এ মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে এক কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল। শুধু বঙ্গবন্ধু না পুরো পরিবারের প্রাণ কেড়ে নিয়েছিল ঘাতকের বুলেট। প্রতি বছর এ মাসটিকে শোকের মাস হিসেবেই পালন করে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন। বঙ্গবন্ধুর দুই কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় বেঁচে যান।
‘দ্য টাইমস অব লন্ডন’ এর ১৯৭৫ সালের ১৬ আগস্টের সংখ্যায় উল্লেখ করা হয়, ‘সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ করা হবে। কারণ, তাকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোন অস্তিত্ব নেই।’
একই দিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়, ‘বাংলাদেশের লাখ লাখ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।’
এই আগস্টেই শুধু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডই নয় আওয়ামী লীগের সমাবেশে ছোড়া হয় গ্রেনেড হামলা, ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার ঘটনাও ঘটে এই মাসেই। তৎকালীন বিএনপির শাসনামলে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং অন্তত ৫০০ নেতাকর্মী আহত হয়। ওই হামলার টার্গেট ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।


প্রকাশিত: August 2, 2024 | সময়: 4:56 am | সুমন শেখ