সর্বশেষ সংবাদ :

এক দফা’ দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির

সানশাইন ডেস্ক: সরকার পতনের ‘এক দফা’ দাবিতে বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনকে নিয়ে ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে দলের প্যাডে নিজের স্বাক্ষরে এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘‘জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে ‘লুণ্ঠিত গণতন্ত্র’ ও ‘ভোটাধিকার পুনরুদ্ধার’, ‘অধিকারহীন জনগণের’ ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম ‘এক দফার’ ভিত্তিতে ও দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি।’’
বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট, বাম-ডান সব রাজনৈতিক দল, জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও ইসলামী দল এবং রাজনৈতিক সংগঠনের প্রতি এই আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, “জাতীয় ঐক্যের এই ‘ঐতিহাসিক ঘোষণা’ ও দলিল দেশ এবং জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাল্লাহ।”
সময় ও যোগাযোগ প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে জাতীয় ঐক্যের বিষয়ে সম্মতি দেওয়া যেতে পারে উল্লেখ করে ফখরুল বলেন, “শিগগিরই সম্মতি প্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে।”
২০২৩ সালের জুলাই থেকে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ, লিভারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, লেবার পার্টি, এনডিএ, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্রভৃতি সংগঠন সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করে।
বিএনপির সঙ্গে দুই যুগ জোটবদ্ধ থাকা জামায়াতে ইসলামী আলাদাভাবে সরকার পতনের আন্দোলন থাকে। ২০২২ সালের ডিসেম্বরে ঢাকায় বহুল আলোচিত মহাসমাবেশের আগে বিএনপি তার আলোচিত ২০ দলীয় জোট ভেঙে দেয়। ১৯৯৯ সালে আওয়ামী লীগবিরোধী আন্দোলনের সময় জামায়াতে ইসলামী, হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোট নিয়ে চারদলীয় জোট গঠন হয়েছিল।
২০০১ সালের নির্বাচনের আগে এরশাদ এই জোট ছেড়ে গেছে দলের একাংশ বিজেপি নামে জোটে থেকে যায়। পরে ধীরে ধীরে জোটের আকার বাড়ে। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর থেকেই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। ২০০৯ সালের জানুয়ারিতে সরকারে আসা আওয়ামী লীগের পতনে একাধিকবার ‘এক দফা’ আন্দোলনে নেমে খালি হাতে ঘরে ফিরেছে বিএনপি।


প্রকাশিত: July 28, 2024 | সময়: 6:24 am | সুমন শেখ

আরও খবর