সর্বশেষ সংবাদ :

নওহাটায় আমান কোল্ডস্টোরেজের বর্জ্য পানিতে জমির ধান নষ্টে অভিযোগ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবার নওহাটা পৌরসভার মদনহাটি গ্রামের মাঠে আমান কোল্ডস্টোরেজের বর্জ্যে পানিতে সোয়া বিঘার জমির ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থা হয়েছে বলে এলাকাবাসী জানান। এব্যাপারে নওহাটা পৌরদপ্তরে ভুক্তভোগি সেলিম উদ্দিন আমান কোল্ডস্টোরেজের ম্যানেজার কাজল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে নওহাটা পৌরসভার মধ্যপুঠিয়াপাড়া গ্রামের ময়েদ উদ্দিনের ছেলে সেলিম উদ্দিন আমান কোল্ডস্টোরেজের পিছনে তার নিজ জমিতে ধানচাষ করে থাকেন। বিগত বছরগুলোতেও এমনভাবে আমান কোল্ডস্টোরেজের বর্জ্যসহ পানিতে ধানের ক্ষতি করে। বারবার বলার পরেও আমান কোল্ডস্টোরেজের পক্ষ থেকে কোন ধরণের উদ্যোগ নেওয়া হয়নি। এবারেও তিনি ওই জমির ধান কেটে রেখেছেন। বেশ কয়েকদিন থেকেই আমান কোল্ডস্টোরেজের পানি তার জমিতে ঢুকতে থাকে। এতে কাটা ধানের শীষ পানিতে ডুবে থাকায় ধান থেকে চারা গজাতে শুরু করে। এতে ধানের ব্যাপক ক্ষতি হয়।
এব্যাপারে মঙ্গলবার ধান নষ্টের ক্ষতিপূরণ ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবিতে নওহাটা পৌরদপ্তরে ভূক্তভোগি সেলিম উদ্দিন অভিযোগ দায়ের করেন। পৌর মেয়র হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল স্থানীয় কাউন্সিলর পরিদর্শন করেছেন। সমস্যা সমাধানে উভয়পক্ষকে ডাকা হবে।
এদিকে অভিযুক্ত কাজল উদ্দিন বলেন, এর আগে কেহ এব্যাপারে জানাননি। বৃষ্টির পানিতো কারও না কারও জমির ওপর দিয়েই যাবে। স্থানীয়ভাবে বসে মীমাংসার আশাবাদ ব্যক্ত করেন তিনি।


প্রকাশিত: May 29, 2024 | সময়: 5:16 am | সুমন শেখ