বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙাবাড়ি ইউনিয়নে অবস্থিত বাঙাবাড়ি ইউনুস স্মরণী স্কুল ও কলেজ। বর্ষার সময় স্কুলের সামনের মাঠ জলাবদ্ধতায় আবদ্ধ থাকে। ফলে শিক্ষার্থীদের ক্লাসে যেতে বিড়ম্বনায় পরতে হয়। বর্তমানে কয়েকদিনের লাগাতার বর্ষণের ফলে স্কুলের মাঠ ডুবে আছে।
শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চরম ভাবে ব্যহত হচ্ছে। অনেক শিক্ষার্থী এজন্য প্রতিষ্ঠানে আসতে পারছে না। যারা আসছে তাদের পানি দিয়ে যাতায়াতের সময় পা পিছলে স্কুলের ড্রেস ও বই খাতা নষ্ট হয়ে যাচ্ছে। জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইতিমধ্যেই শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। রোববার সকালে তারা প্রতিষ্ঠানে এসে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এবং ক্লাশ বর্জন করেছে।
প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির ছাত্র শাহলাল জানায়, প্রতিবছর বর্ষার সময় আমাদের এ সমস্যার মুখোমুখি হতে হয়। কর্তৃপক্ষকে বারবার বলেও কোন উদ্যোগ নেয়নি। তাছাড়া প্রতিষ্ঠানের অধ্যক্ষ বেশীরভাগ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন। সমস্যা সমাধান করতে না পারা তার ব্যর্থতা বলে মনে করি। শিক্ষার্থীরা তার ব্যর্থতার কারণে পদত্যাগের দাবি জানিয়েছে।

এবিষয়ে কথা বলার জন্য বাঙবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলামের সাথে একাধিকবার ফোন দিয়েও রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা নিবার্হী অফিসার আসমা খাতুন বলেন,বাঙাবাড়ি ইউনুস স্মরণী স্কুল ও কলেজের জলাবদ্ধতার বিষয়টি গুরুত্ব সহকারে গ্ৰহণ করে আমাদের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাধ্যমে প্রকল্প প্রস্তুত করে কয়েকদিন আগে জেলায় পাঠানো হয়েছে। আমরা আশা করছি খুব শিঘ্রই বরাদ্দ পেয়ে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
সানশাইন/তৈয়ব