সর্বশেষ সংবাদ :

রাবিতে বিজনেস স্টাডিজ অনুষদের ৬ জন শিক্ষক ও ৬৭ জন শিক্ষার্থী পুরস্কৃত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিজনেস স্টাডিজ অনুষদের ৬ জন শিক্ষককে ‘ডীনস অ্যাওয়ার্ড ২০২৬’ ও ৬৭ জন কৃতী শিক্ষার্থীকে ‘ডীনস অনার্স লিস্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই উপলক্ষ্যে সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের এসব পুরস্কারে ভূষিত করেন।
শিক্ষকদের মধ্যে প্রকাশিত গবেষণা প্রবন্ধের জন্য ড. মো. শাওন উদ্দিন (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ), ড. মো. আব্দুল আলিম, প্রফেসর মো. শাহ আজম ও প্রফেসর মো. নুরুজ্জামান (মার্কেটিং বিভাগ); শ্রেষ্ঠ গবেষক প্রফেসর এ এইচ এম জিয়াউল হক (ফাইন্যান্স বিভাগ) ও প্রকাশিত গ্রন্থের অধ্যায়ের জন্য মো. সোলাইমান চৌধুরী (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ) ‘ডীনস্ অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়।
অনুষদের আওতাধীন ৬টি বিভাগের বিবিএ ও এমবিএ পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৮৫ অর্জনকারী যথাক্রমে ২৮ ও ৩৯ জন শিক্ষার্থীকে ‘ডীনস অনার্স লিস্ট অ্যাওয়ার্ড’ পুরস্কার প্রদান করা হয়। এবার ২০২০ থেকে ২০২৪ সালের শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করা হলো।
রাবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হাসনাত কবীরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যাজেমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ জাহিদ হোসেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে জান্নাত আরা শিউলী (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ), সৈয়দা ফারজাহান ইয়াসমিন (মার্কেটিং বিভাগ), মোস্তাফিজুর রহমান (ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ) ও মো. ফাইয়াজ মোক্তাদির খান (ফাইন্যান্স বিভাগ)সহ একজন শিক্ষার্থীর অভিভাবক অনুষ্ঠানে তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। এছাড়া অনুষদের তিন জন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মো. আনিসুর রহমান ও প্রফেসর মো. মোখলেছুর রহমান (ম্যানেজমেন্ট স্টাডিজ) এবং প্রফেসর মুহা. আব্দুল্লাহ আল হারুনও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপাচার্য অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে তাঁরা দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি ও কল্যাণে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য আরো বলেন, কৃতি শিক্ষার্থীদের এই স্বীকৃতি আগামীতে তাদের আরো বড় অর্জনের জন্য অনুপ্রাণিত করবে। উপাচার্য কৃতি শিক্ষার্থীদের সার্বিক সাফল্যও প্রত্যাশা করেন। মেধা লালন ও মেধা চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে পুরস্কার প্রদানের এই ধারা আগামীতেও অক্ষুণ্ন থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম তাঁর বক্তব্যে পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আগামীতে তাঁরা তাঁদের কর্মের মধ্যে দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এসব পুরস্কার প্রদানের মাধ্যমে শিক্ষক ও নবীনদেরও মেধার বিকাশে উৎসাহিত করা হলো বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, রাবি কর্তৃপক্ষ মেধা চর্চা ও লালনের জন্য এক উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে সদা প্রয়াসী। এখানে যুগপযোগী কোর্স-কারিকুলাম অনুসরণ, অর্থবহ গবেষণা ও সামগ্রিকভাবে শিক্ষক-শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রয়াস চালাচ্ছে। ফলে এখানে নিরবচ্ছিন্নভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম চলছে।
অনুষ্ঠানে অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, অ্যাওয়াডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক প্রমুখ উপস্থিত ছিলেন। রাবি টিএসসিসির ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।


প্রকাশিত: November 4, 2026 | সময়: 7:33 am | সুমন শেখ