এইচএসসি ও সমমানের ফল প্রকাশ শনিবার

সানশাইন ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে শনিবার (৩১ অক্টোবর)। এদিন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থীর।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ফল ঘোষণার পরপরই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। অনলাইনে বফঁনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ ও বফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। এছাড়া মোবাইল ফোন থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত পদ্ধতিতে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ পরীক্ষায় ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী অংশ নিয়েছেন।
সারা দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন।
গত ২ জুলাই একযোগে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে এসব পরীক্ষা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।
এদিকে, প্রকাশিত ফলে কোনো পরীক্ষার্থী সন্তুষ্ট না হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সুযোগ পাবেন। আগামী ১ নভেম্বর থেকে এ আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ৭ নভেম্বর পর্যন্ত।


প্রকাশিত: October 31, 2026 | সময়: 7:10 am | সুমন শেখ