, , ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুরে পৃথক দুটি গাড়ি থেকে ১৬৪ বস্তা ডিএপি ও পটাশ সার জব্দ করেছে কৃষি বিভাগ। শনিবার দুপুরে এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে সারগুলো আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় জব্দ করা সার শ্যামপুর ইউনিয়ন পরিষদে রাখা হয় এবং সরকারি নির্ধারিত বাজারমূল্যে এসব সার বিক্রি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া। স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ এর পাশের জেলা নওগাঁ নিয়ামতপুর থেকে একটি ট্রলি এবং একটি শ্যালো ইঞ্জিন চালিত ভুটভটিতে করে ১৬৪ বস্তা সার শিবগঞ্জ উপজেলার মোনাকড়শা ইউনিয়নের সাহা পাড়ায় নেয়া হচ্ছিল। এর মধ্যে ভুটভুটিতে ৪৮ বস্তা ডিএপি সার ছিল। অন্যদিকে, দ্বিতীয় গাড়ি ট্রলিতে ১১০ বস্তা ডিএপি ও ৬ বস্তা পটাশ সার পাওয়া যায়। এসব সারও একই এলাকার তারাপুরের ঠুটাপাড়া গ্রামে নেয়া হচ্ছিল। স্থানীয়রা গাড়ি দুইটির চালককে জিজ্ঞেস করলে তারা জানান, নওগাঁর নিয়ামতপুর উপজেলার গাবতলী থেকে সারগুলো সাহাপাড়ায় নিয়ে যাচ্ছিলেন। পরে স্থানীয়দের তথ্য পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া গাড়ি দুটি আটক করেন। পরে জব্দ করা সার শ্যামপুর ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়।এর আগেই গাড়ি দুইটি চালক ঘটনাস্থল থেকে সরে পড়ে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, পরিত্যক্ত অবস্থায় দুইটি গাড়ি থেকে উদ্ধার হওয়া ১৬৪ বস্তা ডিএপি এবং পটাশ সার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী জব্দ করাহয়। সারগুলো শ্যামপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে সংরক্ষণ করা হয় এবং সার সরকারি নির্ধারিত বাজারমূল্যে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হবে। এর আগে গত ১৫ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লারদিয়ার বাজারে কীট নাশকের দোকানে অবৈধভাবে ২৭ বস্তা সার মজুদ রাখার দায়ে ঐ দোকান মালিক কে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা।পরে জব্দ করা সারগুলো কৃষকদের মাঝে নায্য মুল্য বিতরণ করা হয়।