আগুনে সর্বস্ব হারানো হেলালের পাশে প্রশাসন

স্টাফ রিপোর্টার: ভোরের আগুনে বসতঘর, রিকশা-ভ্যান ও গবাদিপশু হারিয়ে যখন দুই সন্তান নিয়ে দিশেহারা দিনমজুর হেলাল উদ্দিনের পরিবার, তখন তাদের পাশে দাঁড়িয়েছে গোদাগাড়ী উপজেলা প্রশাসন। সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (৬ অক্টোবর) তাৎক্ষণিকভাবে পরিবারটিকে দুই বান্ডিল ঢেউটিন, চারটি কম্বল, ২০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ ও এক লিটার সয়াবিন তেল দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের উপস্থিতিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে এসব সহায়তা দেওয়া হয়। এ সময় হেলাল উদ্দিনকে ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকার ফরাদপুর গ্রামের সাদ্দামপাড়ায় হেলালের বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে একটি ছাগল মারা যায় এবং গাভীন একটি গরু গুরুতর দগ্ধ হয়।
পুড়ে যায় পরিবারের একমাত্র উপার্জনের অন্যতম অবলম্বন রিকশা-ভ্যান, আসবাবপত্র, পোশাক, মেয়ের পড়ার বই ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ঘরের সবকিছু। ক্ষতিগ্রস্ত রিকশা-ভ্যানটির মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছে পরিবার। অগ্নিকাণ্ডে হেলালের স্ত্রীও দগ্ধ হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
তাৎক্ষণিক সহায়তা পেয়ে হেলাল উদ্দিন বলেন, বিপদের সময়ে প্রশাসন পাশে দাঁড়ানোয় তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন। সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের জন্য দোয়া করেন তিনি।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মমিনুল হক বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে প্রয়োজনীয় রিপোর্ট পাওয়ার পর আরও সহায়তার ব্যবস্থা করা হবে।
ইউএনও ইসরাত জাহান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে। তাদের জন্য আরও সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।
তবে ঘর পুনর্র্নিমাণ, দগ্ধ গরুর চিকিৎসা ও রিকশা-ভ্যানটি মেরামতে এখনও বড় অঙ্কের অর্থ প্রয়োজন। ফলে পরিবারটির পুনর্বাসনে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতার প্রত্যাশা করছেন স্থানীয়রা।


প্রকাশিত: October 7, 2026 | সময়: 6:34 am | সুমন শেখ