সর্বশেষ সংবাদ :

রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক রফিকুল ইসলাম এর যোগদান

স্টাফ রিপোর্টার: অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর চেয়ারম্যান পদে যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ৫৩.০০.০০০০.০০০.৩১১.১১.০০০৯.১৭.৬৭৮ নম্বর প্রজ্ঞাপন মোতাবেক পহেলা অক্টোবর (বৃহস্পতিবার) তিনি যোগদান করেন। রফিকুল ইসলাম বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনিতিবিদ, অধ্যাপক ও লেখক।
তিনি দেশের উচ্চ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে অর্থনীতি বিষয়ে তাঁর দীর্ঘ দিনের শিক্ষকতা ও গবেষণা কর্ম তাঁকে একজন সম্মানিত একাডেমিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একাডেমিক নেতৃত্বের পাশাপশি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও তিনি দক্ষতার সাথে দায়িত্বও পালন করেন।
তিনি ১৯৭৭ সালের ১০ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি শিক্ষকতা পেশায় সফলতা ও সুনামের সাথে নিয়োজিত থেকে অধ্যাপক হিসেবে এবং ২০০৪-২০০৬ সাল পর্যন্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়ও তিনি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ এর কাউন্সিল মেম্বার এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ এর চেয়ারম্যানসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
জনাব রফিকুল ইসলাম ১৯৫০ সালে বগুড়া সদর উপজেলাধীন শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে অর্থনীতি বিভাগ হতে স্নাতক সম্মান ও ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি ১৯৭৭ সালে এমফিল ডিগ্রী অর্জন করেন। পারিবারিক জীবনে তিনি ২ পুত্র ও ১ কন্যার জনক।


প্রকাশিত: October 2, 2026 | সময়: 6:23 am | সুমন শেখ