, , ।
স্টাফ রিপোর্টার: “দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবনের জন্য ব্যবস্থাগুলোর পুনর্চিন্তা”- এ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) নগরীর পশ্চিম টালিপাড়ায় প্রবীণ ও প্রতিবন্ধী সংঘের উদ্যোগে র্যারি, আলোচনা ও বিভিন্ন জাতের গাছের বিতরণের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলিমনগর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার লিটন কস্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের পিও মিসেস রুথ র্যান্সি হাঁসদা, প্রবীণ ও প্রতিবন্ধী সংঘের ফোরাম কমিটির সভাপতি মি. যোমেফ মুরমু এবং প্রবীণ ও প্রতিবন্ধী সংঘের প্রতিবন্ধী নারী ফোরামের সভানেত্রী মিসেস শিলা মুরমু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের প্রবীণ ও প্রতিবন্ধী সংঘের সভাপতি মি. এভারিষ্ট হেম্ব্রম। সার্বিক পরিচালনায় ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের এনিমেটর স্বপন এল. গমেজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন; তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধের ধারক-বাহক। জীবনের দীর্ঘ অভিজ্ঞতা ও ত্যাগের মাধ্যমে তারা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাই প্রবীণদের যথাযথ সম্মান, নিরাপত্তা, চিকিৎসা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা পরিবার ও সমাজের নৈতিক দায়িত্ব।
বক্তারা বলেন, জীবনের শেষ সময়ে কোনো প্রবীণ যেন একাকিত্ব, অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে বিষয়ে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে। প্রবীণদের শারীরিক ও মানসিক সুস্থতা, চিকিৎসাসেবা, সামাজিক নিরাপত্তা এবং পারিবারিক বন্ধন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি করুণা নয়, অধিকার ও মর্যাদার ভিত্তিতে আচরণ করতে হবে। শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সমান অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। যথাযথ সুযোগ ও সহায়ক পরিবেশ পেলে প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
বক্তারা প্রবীণ ও প্রতিবন্ধীদের কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সমাজের সর্বস্তরের মানুষকে আরও কার্যকরভাবে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে পরিবারে প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্নের পরিবেশ তৈরি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে প্রবীণ ও প্রতিবন্ধীদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনা সভা শেষে প্রবীণ ও প্রতিবন্ধীদের হাতে গাছের চারা তুলেদেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে প্রবীণ ও প্রতিবন্ধী সংঘের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। আরো ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম ও উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর হোসেন সহ অন্যরা। সভায় প্রবীণদের অধিকার, মর্যাদা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, বিশেষ অতিথি ছিলেন কারীতাসের রাজশাহী অঞ্চলের পরিচালক ড. আরপ টুপ্পু। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, প্রবীণদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা পরিবার ও সমাজের গুরত্বপূর্ণ সম্পদ। তাই তাদের অবহেলা না করে মতামত ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভায় প্রবীণ ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
পাঁচবিবি: জয়পুরহাটের পাঁচবিবিতে প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি হয়। ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে প্রবীণ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। সভায় অতিথিগণ বলেন, প্রবীণরা সমাজের বোঝা নয়, তারা আমাদের অভিজ্ঞতার ভান্ডার। তাদের সম্মান, সেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রবীণদের কল্যাণেই আজকে আমরা বড় হয়েছি সেজন্য সবসময় তাদের সম্মান করা উচিৎ। প্রবীণদের কল্যাণে সরকার বয়স্ক ভাতা সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে এসময় ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও বন্ধন এনজিওর পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব সহ প্রবীণ ব্যক্তিগণ। পরে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি শেষে নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা মৎস্য অফিসার শরিফুল আলম প্রমুখ।
আত্রাই: নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। প্রবীণদের সম্মান ও সুরক্ষা সুনিশ্চিত করার ওপর জোর দিয়ে সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন বরং তাঁরা আমাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার উৎস। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। বর্তমান সরকার ও উপজেলা প্রশাসন প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবার ও সমাজ সব পর্যায়েই প্রবীণদের সম্মান ও উপযুক্ত মর্যাদা দিতে আমাদের সবার এগিয়ে আসতে আসতে হবে। বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, আকতারুণ প্রমুখ। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও প্রবীণ নাগরিকরা উক্ত র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
ধামইরহাট: নওগাঁর ধামইরহাট উপজেলায় উৎসব মুখর পরিবেশে প্রবীণ দিবস পালন করা হয়েছে। সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবার আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি রালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক, প্রবীণ বীর মুক্তি যোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তি যোদ্ধা ইয়াকুব আলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রবীণ নাগরিক বৃন্দ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ। বক্তারা বলেন প্রবীণ দের মর্যাদা অধিকার নিশ্চিতকরন, সামাজিক নিরাপত্তা ও সুস্থ মান সন্মত জীবন যাপনের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়।
জয়পুরহাট: জয়পুরহাটে প্রবীণ দিবস উপলক্ষে সকালে-জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর, জেলা প্রবীণ হিতৈষী সংঘ ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের যৌথ উদ্যোগে শহরের পুলিশ সুপার কার্যালয় মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা মডেল মসজিদ কমপ্লেক্সের সভাকক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ,কে মনিরুল জামানের সভাপতিত্বে দিবসের প্রতিপাদ্যের ওপর গুরুত্বারোপ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার ও জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাই, নাটোর চিনিকলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন, সিনিয়র সিটিজেন মহফিল হোসেন প্রমুখ।
সাপাহার: বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আরিফুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার শামীম রেজা, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রবীণ নাগরিকরা সেখানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রবীণদের মর্যাদা ও নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা এবং সুস্থ ও সম্মানজনক জীবনযাপনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।