সর্বশেষ সংবাদ :

ইউজিসির সহায়তা চান রুয়েট উপাচার্য

স্টাফ রিপোর্টার: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষা চালু এবং উচ্চশিক্ষায় আন্তর্জাতিক ও শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়েছেন রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
গত মঙ্গলবার ইউজিসিতে অনুষ্ঠিত সভায় রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে সভায় ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর লক্ষ্যে ভাষা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় জনবল, অঞ্চলভিত্তিক ভাষার চাহিদা নিরূপণ, সম্পদ ব্যবস্থাপনা এবং কোর্সের ধরন নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক তৃতীয় ভাষা শিক্ষার পাশাপাশি রুয়েটের আন্তর্জাতিকীকরণ, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং গবেষণালব্ধ জ্ঞান ও উদ্ভাবনের বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিকীকরণে ইউজিসির সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, রুয়েটে ইনোভেশন হাব ও ইমার্জিং ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। রুয়েটের সিন্ডিকেট সম্প্রতি আন্তর্জাতিকবিষয়ক ইউনিট এবং ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, বিদেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং যৌথ গবেষণা ও বিনিময় কার্যক্রম জোরদারে এসব ইউনিট ও সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসব ইউনিট ও সেন্টার কার্যকরভাবে পরিচালনা ও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় জনবল দিতে ইউজিসির সহযোগিতা প্রত্যাশা করে উপাচার্য বলেন, রুয়েটের আন্তর্জাতিক সহযোগিতা আরও সম্প্রসারণের পাশাপাশি বিদেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা ও বিনিময় কার্যক্রম জোরদারে এসব উদ্যোগ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষানবিশের সুযোগ বৃদ্ধি এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াতে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আরও কার্যকর অংশীদারত্ব প্রয়োজন। একই সঙ্গে শিল্পখাতের চাহিদাকে শিক্ষা ও গবেষণার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে হবে।
গবেষণালব্ধ জ্ঞান ও উদ্ভাবিত প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং বাণিজ্যিকীকরণের বিষয়ে উপাচার্য বলেন, রুয়েটে একটি টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য অর্থায়নের প্রস্তাব এইচআইসি প্রকল্পে পাঠানো হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন শিল্পখাতে স্থানান্তর এবং বাণিজ্যিকীকরণের সুযোগ তৈরি হবে। এ উদ্যোগ বাস্তবায়নেও ইউজিসির সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। সভায় তৃতীয় ভাষা নির্বাচনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক চাহিদা, কর্মসংস্থানের সম্ভাবনা এবং বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগকে গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান, শিক্ষার্থীদের চাহিদা এবং শ্রমবাজারের প্রয়োজন বিবেচনায় নিয়ে ভাষা নির্বাচন করার প্রস্তাব করা হয়। এ ছাড়া তৃতীয় ভাষায় অবৈতনিক কোর্সের পাশাপাশি বিভাগভিত্তিক অন্তত একটি ভাষা সনদভিত্তিক কোর্স হিসেবে চালুর প্রস্তাব করা হয়। বাংলাদেশকে উচ্চশিক্ষার আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ‘স্টাডি ইন বাংলাদেশ’ পোর্টাল চালুর পরিকল্পনা নিয়েও সভায় আলোচনা হয়।


প্রকাশিত: October 1, 2026 | সময়: 6:58 am | সুমন শেখ