, , ।
স্টাফ রিপোর্টার: ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি দুই দিনব্যাপী বিনামূল্যে ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান। এ সময় তিনি হৃদরোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইতোমধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর হৃদরোগ চিকিৎসায় সুনাম অর্জন করেছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা আরও বাড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম। তিনি বলেন, বিভিন্ন রোগজনিত মৃত্যুর একটি বড় অংশ হৃদরোগের কারণে হয়ে থাকে। হৃদরোগে অকালমৃত্যু রোধে দেশের সর্বস্তরে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও নিয়মতান্ত্রিক জীবনযাপনের ওপর গুরুত্ব দিতে হবে। সেমিনারে মূল আলোচক ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চিফ কনসালটেন্ট ও পরিচালক (মেডিকেল সার্ভিসেস) অধ্যাপক ডা. মো. রইছ উদ্দিন। তিনি হৃদরোগের বিভিন্ন উপসর্গ তুলে ধরে বলেন, হৃদরোগে বুকে ব্যথা গলা ও হাতের দিকে ছড়িয়ে পড়তে পারে। এ ধরনের উপসর্গ দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।
স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. লিয়াকত আলী। আলোচনায় অংশ নেন হাসপাতালের পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক মহাঃ হবিবুর রহমান, সহকারী অধ্যাপক ডা. মোল্লা মো. ইফতেখার হোসেন এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ.এস.এম. সায়েম।
অধ্যাপক মহাঃ হবিবুর রহমান বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল বৃহত্তর রাজশাহী অঞ্চলে হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে মানুষের আস্থার জায়গা তৈরি করছে। দরিদ্র ও অসচ্ছল পরিবারের জন্য বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সব শ্রেণির মানুষের জন্য আরও সুলভ মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি-২ মো. হাসেন আলী। সমাপনী বক্তব্যে তিনি বলেন, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হৃদরোগের কারণ, প্রতিরোধ ও করণীয় সম্পর্কে লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি হাসপাতালের যাকাত ফান্ড থেকে দরিদ্র রোগীদের চিকিৎসায় সহায়তা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, আজীবন সদস্য, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী সদস্য মো. এনামুল হক ও ফাউন্ডেশন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খাদিজাতুল কুবরা। এদিকে, দুই দিনব্যাপী বিনামূল্যে ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ কর্মসূচির প্রথম দিনে প্রায় ২৭৭ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।