সর্বশেষ সংবাদ :

নগরীতে ভেজালবিরোধী অভিযান

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন অলিভ অয়েল ও ব্রেড জব্দ করেছে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামারি ট্রায়াল কোর্ট। একই সঙ্গে ব্যবসায়ীদের অনুমোদনহীন পণ্য বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের নেতৃত্বে এবং বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শালবাগানের মেসার্স আলম ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটের তেল পরিমাপ করা হয়। পরিমাপে সঠিকতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।
পরে শালবাগান বিজিবি গেট এলাকার কনক কনফেকশনারিতে বিভিন্ন পণ্য যাচাই করা হয়। এ সময় অনুমোদনবিহীন অলিভ অয়েল ও ব্রেড পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়। পণ্যের সরবরাহকারীকে সাত কর্মদিবসের মধ্যে বিএসটিআই, রাজশাহী কার্যালয়ে উপস্থিত হয়ে যথাযথ ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুমোদনবিহীন সব পণ্য বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া শালবাগান কাঁচাবাজারের মাছ, মাংস, ফলমূল ও সবজির দোকানে ব্যবহৃত ওজনযন্ত্র পরীক্ষা করা হয়। এসব যন্ত্রে সঠিক পরিমাপ পাওয়ায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানানো হয় এবং ভোক্তাদের সঠিক ওজন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। বাজারের দোকানগুলোতে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্য বিক্রি বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান শেষে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফয়সল তারেক সাংবাদিকদের বলেন, রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় গুণগত মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ীরা যাতে অসাধু ব্যবসায়ীদের সঙ্গে অসম প্রতিযোগিতার মুখে না পড়েন, সে জন্য আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে ভবিষ্যতেও অভিযান চলবে। অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. আজিজুল হাকিমের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।


প্রকাশিত: September 30, 2026 | সময়: 7:44 am | সুমন শেখ