সর্বশেষ সংবাদ :

লালপুর উপজেলা ভূমি অফিসে চুরি

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা ভূমি অফিসে ৯ মাস পর আবারো জানালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা সহকারী কমিশনার (ভূমি) এর কক্ষের অল ইন অল পিসির হার্ডডিস্ক সহ যন্ত্রাংশ এবং নাজির কাম হিসাব রক্ষকের কক্ষের কম্পিউটারের হার্ডডিস্ক সহ অন্যাান্য যন্ত্রাংশ এবং সিসি টিভি ক্যামেরার ডিভিআর মেশিনের সকল যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। এ সময় লকারের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করেছে। শুক্রবার সকাল ৯ টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে নৈশ প্রহরী ছিলেন। তিনি চলে যাওয়ার পর বেলা ১১ টার আগে জানালা ভেঙ্গে চোরেরা অফিস কক্ষে প্রবেশ করে তার কক্ষের অলইনঅল পিসির হার্ডডিস্ক সহ যন্ত্রাংশ ও নাজির কাম হিসাব রক্ষকের কক্ষের পিসির হার্ডডিস্ক সহ অন্যাান্য যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। এ সময় লকারের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করে। এছাড়া ডিভিআর মেশিনের যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে।
তিনি জানান, এর আগে গত বছর ৫ ডিসেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে নাজির কাম হিসাব রক্ষকের রুমের ২টি কম্পিউটারের হার্ডডিস্ক সহ অন্যাান্য যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে। সেদিনও ছিল শুক্রবার একই কায়দায় জানালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। সে সময়ে চুরির ঘটনার কিছু সিসি টিভি ক্যামারার ফুটেজ পুলিশের কাছে রয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুর্বের চুরির ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও তদন্ত করে শিঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


প্রকাশিত: September 26, 2026 | সময়: 7:11 am | সুমন শেখ