সর্বশেষ সংবাদ :

নিউ ইয়র্কে তারেক-এরদোয়ান বৈঠক, সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়

সানশাইন ডেস্ক: জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ইউনাইটেড নেশনস প্লাজায় তুর্কি হাউসে এই বৈঠক হয় বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান। তিনি বলেন, “অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।”
বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয় বলে জানান রুমন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।


প্রকাশিত: September 24, 2026 | সময়: 3:09 am | সুমন শেখ