, , ।
স্টাফ রিপোর্টার: দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০ হাজার কোটি টাকা এবং দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব সৃষ্টির লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম এর রাজশাহী’তে প্রয়োজনীয় ও কার্যকর প্রচার প্রচারণা ও সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা
অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকার, কৃষি/এসএমই উদ্যোক্তা ও অংশীজনদের অংশগ্রহণে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীস্থ পিটিআই অডিটোরিয়ামে ‘টাউন হল সভা’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে টাউন হল সভা আয়োজনে রূপালী ব্যাংক পিএলসি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লিড ব্যাংক হিসেবে যৌথভাবে দায়িত্ব পালন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহম্মদ বদিউজ্জামান দিদার, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আব্দুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের পরিচালক যথাক্রমে এ.কে.এম গোলাম মাহমুদ, নাজিম উদ্দিন, ড. ইসমাইল হোসেন এবং বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ।
টাউন হল সভাটি দুটি অধিবেশনে অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে প্রধান অতিথি এবং আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ বাংলাদেশ ব্যাংক ঘোষিত পুনঃঅর্থায়ন তহবিল দুটির উপরে বিস্তারিত আলোচনা এবং দেশের বিশেষত উত্তরবঙ্গের কৃষির উন্নয়নে ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। দ্বিতীয় অধিবেশনে প্যানেল ডিসকাশন/প্রশ্নোত্তর (টু ওয়ে কমিউনিকেশন) অনুষ্ঠিত হয়। সিনিয়র ব্যাংকারদের সমন্বয়ে গঠিত প্যানেল, উদ্যোক্তা এবং অংশীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। টাউন হল সভায় রাজশাহীতে কার্যরত সকল তফসিলি ব্যাংকের স্থানীয় প্রতিনিধি ও শাখা ব্যবস্থাপক এবং বিপুল সংখ্যক কৃষি/এসএমই উদ্যোক্তা উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস অধিদপ্তর, প্রাণি সম্পদ অধিদপ্তর, বিএডিসি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, যুব উন্নয়ন অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর স্থানীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজাম উদ্দিন, মহাব্যবস্থাপক, রূপালী ব্যাংক পিএলসি, রাজশাহী।