সর্বশেষ সংবাদ :

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে সোনা ধরে রাখল ভারত

স্পোর্টস ডেস্ক: নারী ক্রিকেটে এশিয়ান গেমসের সোনার পদক ধরে রাখল ভারত। ২০২৩ সালের ফাইনালের পুনরাবৃত্তিতে শ্রীলঙ্কাকে এবার ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
কোরোগি স্পোর্টস পার্কে আজ টস জিতে ব্যাট করতে নেমে ভারত তুলেছিল ৩ উইকেটে ২১৬ রান। জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ৬৯ রানে। ভারতের বড় জয়ের ভিত গড়ে দেয় বিধ্বংসী ব্যাটিং। ইনিংসে ১৩টি ছক্কা মেরেছে তারা, যা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ভারতের সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
২১৬ রানও ভারতের টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। গত ডিসেম্বরে তিরুবনন্তপুরমে একই প্রতিপক্ষের বিপক্ষে করা ২২১ রানই এখনো তাদের সর্বোচ্চ। ভারতের ইনিংসে সবচেয়ে বড় অবদান স্মৃতি মান্ধানার। ৪৫ বলে ৭৯ রান করেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন শেফালি ভার্মা। ২৯ বলে ৪৮ রান করেন এই ওপেনার। দুজনের উদ্বোধনী জুটিতে প্রথম ১০ ওভারেই আসে ৯৯ রান।
শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মান্ধানা। সুগান্দিকা কুমারিকে আক্রমণ করে দ্রুত রান তোলার পর মাত্র ৩০ বলে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের ৩৭তম ফিফটি পূরণ করেন তিনি। অন্য প্রান্তে শেফালিও ছিলেন সমান আগ্রাসী। তিনটি করে চার ও ছক্কায় ইনিংস সাজান তিনি। শেষ পর্যন্ত চামুদি প্রাবোদার বলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন শেফালি।
ওপেনিং জুটির পর তিন নম্বরে নেমে অধিনায়ক হারমানপ্রীত কৌর কিছুটা সময় নেন থিতু হতে। প্রথম ১৩ বলে করেন মাত্র ১০ রান, এরপর দুটি বাউন্ডারি মেরে গতি বাড়ানোর চেষ্টা করেন। তবে ১৯ রানে লং-অফে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। অন্য প্রান্তে মান্ধানা তখন সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বড় শট খেলতে গিয়ে ডিপে ক্যাচ দিয়ে থামতে হয় তাকে।
এরপর রিচা ঘোষের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় ভারত। ২২ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংসে ছয়টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। শেষ ওভারে ২৫ রান তুলে ভারতকে দুইশ ছাড়িয়ে নেন রিচা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ওপেনার চামারি আতাপাত্থু ২৯ রান করলেও তাকে ছাড়া কেউই ইনিংসকে এগিয়ে নিতে পারেননি। ভারতের স্পিন আক্রমণের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে তারা।
দীপ্তি শর্মা ৬ রান দিয়ে নেন ৩ উইকেট। শ্রী চরণী ও শেফালি ভার্মা নেন দুটি করে উইকেট। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ১৪৭ রানের বিশাল জয়ে টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসের নারী ক্রিকেটে সোনা জেতে ভারত। সংক্ষিপ্ত স্কোর: ভারত ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ (স্মৃতি মান্ধানা ৭৯, রিচা ঘোষ ৪৯*, শেফালি ভার্মা ৪৮; চামুদি প্রাবোদা ১/৩৪) শ্রীলঙ্কা ১৫.৪ ওভারে ৬৯ (দীপ্তি শর্মা ৩/৬, শ্রী চরণী ২/১৩, শেফালি ভার্মা ২/৩)।


প্রকাশিত: September 23, 2026 | সময়: 5:08 am | সুমন শেখ

আরও খবর