, , ।
স্টাফ রিপোর্টার:দীর্ঘ কারাভোগ শেষে মুক্ত বাতাসে ফিরেও স্বস্তি ছিল না রাজশাহীর পবা উপজেলার বিলধর্মপুর গ্রামের মিঠুর জীবনে। পরিবারের আর্থিক দুরবস্থা, দীর্ঘদিনের বিচ্ছিন্নতা আর জীবিকা নির্বাহের কোনো পথ না থাকায় মুক্তির পরও অনিশ্চয়তায় দিন কাটছিল তাঁর।
কারাগারের চার দেয়াল পেরিয়ে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখলেও হাতে ছিল না কাজ করার মতো কোনো পুঁজি। এমন কঠিন সময়ে রাজশাহী জেলা প্রশাসকের দেওয়া একটি ভ্যান তাঁর জীবনে নতুন করে বাঁচার আশা জাগিয়েছে। গত বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মিঠু ও বাগমারা উপজেলার কোন্দা পশ্চিমপাড়া গ্রামের মো. ইসরাফিলের হাতে দুটি ভ্যান তুলে দেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। দীর্ঘ কারাভোগ শেষে মুক্তি পাওয়া এই দুই ব্যক্তির কর্মসংস্থানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্যান দুটি দেওয়া হয়। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী উপস্থিত ছিলেন। মুক্তির পর কর্মসংস্থানের জন্য জেলা প্রশাসকের কাছে ভ্যান চেয়ে আবেদন করেন মিঠু। ভ্যান পেয়ে তিনি বলেন, ‘জীবনের এতগুলো বছর কারাগারে কেটে গেছে। মুক্তির পর বাইরে এসে কীভাবে সংসার চালাব, কীভাবে নিজের পায়ে দাঁড়াব—এ নিয়ে খুব চিন্তায় ছিলাম। জেলা প্রশাসক স্যার আমার কষ্টের কথা শুনে আমাকে একটি ভ্যান দিয়েছেন। এই ভ্যান আমার কাছে শুধু একটি যানবাহন নয়, এটি নতুন করে বাঁচার অবলম্বন। স্যারের প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব।’