সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে সার জব্দ সংক্রান্ত অসত্য সংবাদের প্রতিবাদে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

জুবায়ের তুহিন, রাজশাহী :

​রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে মজুদকৃত সার জব্দ ও পরবর্তীতে ৩২৫ বস্তা সার গায়েব হওয়া নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী।

​সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরে লিখিত বক্তব্যে জানান: গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের আড়ইল গ্রামের মোঃ সাইফুল ইসলাম (পিতা: ফছির উদ্দিন)-এর বাড়িতে যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

​অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী, কিসমত গণকৈড় ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিযুক্তের মেয়ে নিশি খাতুন উপস্থিত ছিলেন। সর্বসমক্ষে সাইফুলের বাড়ির বারান্দা ও সংলগ্ন কক্ষ থেকে অবৈধভাবে সংরক্ষিত সার গণনা করে মোট ৬৭০ বস্তা সার পাওয়া যায়।

​ডিএপি সার: ৩২৪ বস্তা
​ইউরিয়া সার: ২৪৬ বস্তা
​টিএসপি সার: ১০০ বস্তা

একই দিনে পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা একই ব্যক্তি (সাইফুল ইসলাম)-এর মালিকানাধীন কাত্তিকপাড়া বাজারস্থিত ব্যবসা প্রতিষ্ঠান ‘নিশি কীটনাশক বিপনী’-তে অভিযান চালিয়ে আরও ৩৩০ বস্তা সার জব্দ করেন।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, একই দিনে একই মালিকের সার দুটি ভিন্ন স্থান (দুর্গাপুর ও পুঠিয়া) থেকে জব্দ করা হয়েছিল। কিন্তু ‘দৈনিক যুগান্তর’ সহ কিছু অনলাইন ও ছাপা পত্রিকা পুঠিয়ার জব্দকৃত সারের তথ্য এড়িয়ে কেবল দুর্গাপুর উপজেলার কথা উল্লেখ করে এবং রহস্যজনকভাবে ৩২৫ বস্তা সার গায়েবের মনগড়া ও মিথ্যা সংবাদ পরিবেশন করেছে।

​পত্রিকায় প্রকাশিত সহকারী কমিশনার (ভূমি)-র সাথে অভিযুক্ত ব্যক্তির কথিত কথোপকথনের বিষয়টি সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যেপ্রণোদিত বলে সংবাদ সম্মেলনে স্পষ্ট করা হয়।
​প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তা যৌথভাবে জানান, স্থানীয় জনগণের উপস্থিতিতেই সঠিক নিয়মে সারের বস্তা গণনা ও জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছিল। সরকারি দায়িত্ব পালনে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং প্রকৃত ঘটনা আড়াল করতেই এই ধরণের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।

সানশাইন /শাহজাদা


প্রকাশিত: September 15, 2026 | সময়: 10:37 pm | Daily Sunshine