, , ।
লালপুর প্রতিনিধি: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, সরকারী বরাদ্দ সুবিধা জনসাধারণের মাঝে বিতরণের পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। কোন নেতা, কোন চেয়ারম্যান-মেম্বরের দেওয়া তালিকা অনুযায়ী সরকারী বরাদ্দ সুবিধা বিতরণ থেকে বিরত থাকতে হবে। একটু সময় লাগলেও সবাই বসে তালিকা তৈরী করে সরেজমিনে গিয়ে যাচাই বাছাই শেষে এগুলো বিতরণ করতে হবে।
তিনি বলেন, ‘সরকার যা দিচ্ছে এগুলো জনগণকে পৌঁছে দিয়ে দেখেন আর কিছুই লাগবে না।’ সরকারী বরাদ্দ বিতরণের ক্ষেত্রে বিগত ১৭ বছরে যে পদ্ধতি চালু রয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো নিয়ে জনপ্রতিনিধিদের প্রতি সাধারণ মানুষের যে বাজে ধারণা তৈরী হয়েছে তা ভাংতে হবে। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী সোমবার লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃংখলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, লালপুরের পদ্মার চর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সম্মিলিতভাবে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হবে। কোথাও কোথাও ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা লালপুরের মাটিতে ফ্যাসিবাদের পদচিহ্ন দেখতে চাইনা। এব্যাপারে প্রশাসন সহ সকলের সহযোগীতা কামনা করেন।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবীর হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, লালপুর থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনজুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ প্রমুখ।