সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে চুরির আট ঘণ্টার মাথায় তিন গরু-মহিষ উদ্ধার, দুই জন গ্রেপ্তার

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম থেকে চুরির মাত্র ৮ ঘন্টার ব্যবধানে সিরাজগঞ্জের তাড়াশ এলাকা থেকে তিনটি গরু-মহিষ উদ্ধারসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সকাল ১১টার দিকে তাড়াশের মাধবপুর এলাকা থেকে চোরাই গবাদি পশুগুলো জব্দকরাসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধবপুর গ্রামের বাবলু ব্যাপারীর ছেলে হাবিল ব্যাপারী শরিফ (৩১) এবং খুটিগাছা গ্রামের আয়নাল হকের ছেলে মাহবুব হোসেন (২৫)।
থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের কৃষক শুকুর আলীর প্রায় দুই লাখ ১০ হাজার টাকা মূল্যের দুটি গরু এবং তার প্রতিবেশী বাবর আলী মন্ডলের এক লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি মহিষ চুরি করে নিয়ে সংঘবদ্ধ চোরেরা। ভোরে ভূক্তভোগীরা থানায় খবর দিলে পুলিশ অভিযানে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম থানা পুলিশ তাড়াশের মাধবপুর গ্রামে শরীফের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া গরু-মহিষগুলো জব্দ করাসহ দুই আসামীকে গ্রেপ্তার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজন ও তাড়াশ থানা পুলিশের সহায়তায় চোরাই গবাদিপশুগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জব্দ করা পশুগুলো আইনী প্রক্রিয়ার মাধ্যমে মালিকের কাছে হস্তান্তর করা হবে।


প্রকাশিত: September 7, 2026 | সময়: 4:21 am | সুমন শেখ

আরও খবর