রুয়েটের জমিতে অবৈধ স্থাপনা: উচ্ছেদের দাবিতে রাসিক প্রশাসককে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভেঙে ফেলা সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের কাছে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার সকালে নগর ভবনে গিয়ে শিক্ষার্থীরা রাসিক প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেন। এ সময় প্রশাসক শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, রুয়েটের সীমানাপ্রাচীর ভেঙে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন জমির একটি অংশে পাবলিক টয়লেটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জমি ব্যবহার করে এসব স্থাপনা নির্মাণের ফলে ক্যাম্পাসের নিরাপত্তা, পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা আরও জানান, অবৈধ স্থাপনাগুলোর পাশেই রুয়েটের পুরকৌশল অনুষদের ১০ তলা একাডেমিক ভবনের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। ভবনটি দ্রুত শিক্ষার্থীদের ব্যবহারের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের জমিতে থাকা এসব স্থাপনা অপসারণ এবং সীমানাপ্রাচীর পুনরুদ্ধার জরুরি হয়ে পড়েছে।
এর আগে শনিবার (২৯ আগস্ট) রুয়েটের প্রায় ৬০০ শিক্ষার্থী ক্লাস, পরীক্ষা ও ল্যাব বর্জন করে অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করেন। স্মারকলিপিতে রুয়েটের মালিকানাধীন জমিতে নির্মিত পাবলিক টয়লেটসহ সীমানাপ্রাচীর ঘেঁষে ফুটপাতে থাকা সব অননুমোদিত ও অবৈধ স্থাপনা দ্রুত অপসারণের দাবি জানানো হয়। পাশাপাশি তালাইমারী মোড়ে রুয়েটের সীমানাপ্রাচীর ভেঙে বিশ্ববিদ্যালয়ের যে অংশের জমি দখল বা ব্যবহার করা হয়েছে, তা আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। স্মারকলিপি দেওয়ার সময় রুয়েটের শিক্ষার্থী কাজী পারভেজ আহম্মেদ, মুবতাসিম সৌমিক, শাহান আল রিয়াজ, সুমাইয়া নওশীন, শামসুন নাহার সুমনা, ফাহাদ সরকার তুহিন, তন্ময় কর্মকার তনি, শাকিব উজ্জমান সিয়াম, পারভেজ আকন্দ প্রভাতসহ অন্যান্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 31, 2026 | সময়: 4:27 am | সুমন শেখ