মোহনপুরে সওজের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, দখলমুক্তের দাবি

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও ডিস্ট্রিক্ট বোর্ডের জমি ও জনসাধারণের ব্যবহৃত রাস্তা দখল করে রাতের আঁধারে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। দখলকৃত সরকারের জমি দখলমুক্ত করে রাস্তা উদ্ধারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। গত ১ আগস্ট এলাকাবাসীর পক্ষে শামসুদ্দিন, হাসানুজ্জামান, হারেচ দিং, জসিম উদ্দিন, আব্দুল জলিল, মিজান ও রেজাউলের স্বাক্ষরিত অভিযোগ জমা দেয়া হয়।
সরেজমিনে দেখা যায়, মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে সওজ ও ডিস্ট্রিক্ট বোর্ডের জায়গা দখল করে স্থাপনা নির্মান করছেন সইপাড়া গ্রামের মূর্সেদ আলী।দীর্ঘদিন ধরে পাড়া প্রতিবেশীদের চলাচলের অন্যতম রাস্তা ছিল এটি। সেই রাস্তা দখল করেই মূলত স্থাপনা নির্মান করছেন মূর্সেদ আলী।
অভিযোগ সূত্রে, সরেজমিন তদন্ত করে রাস্তা উদ্ধার ও সরকারি সম্পত্তি দখলমুক্ত করার জোড় দাবি জানানো হয়েছে উপজেলা প্রশাসনের কাছে। অভিযোগের অনুলিপি সওজের নির্বাহী প্রকৌশলী, সহকারী কমিশনার (ভূমি) ও মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে দেওয়া হয়েছে।
এদিকে লিখিত অভিযোগের পর প্রতিকার না পেয়ে অনেকটা ক্ষোভ ঝেড়েছেন ভুক্তভোগী অভিযোগকারিররা। প্রতিবেদককে তারা জানান, এ বিষয়ে উপজেলা প্রশাসন বরাবর নিরব ভূমিকা পালন করছেন। নামমাত্র উপজেলা প্রশাসন থেকে লোক পাঠানো হলেও তারা তেমন কোন ভূমিকা পালন করেননি। এমনকি অবৈধ স্থাপনা নির্মাণে বাঁধা দিতেও দেখা যায়নি।
অভিযোগ উঠেছে, অবৈধ স্থাপনা নির্মাণকারি মূর্সেদ আলীর সাথে উপজেলা প্রশাসনের সখ্যতা রয়েছে। এছাড়াও অভিযোগ রয়েছে, উপজেলা প্রশাসনের বিভিন্ন কাজ কোটেশনে করে থাকেন মূর্সেদ আলী। সেসব কাজ টেকসই না করে নামমাত্র সম্পূর্ণ করে বিল তুলে নেয়ারও অভিযোগ রয়েছে মূর্সেদ আলীর বিরুদ্ধে। একারণেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মূর্সেদ আলী ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি বলে জানান ভুক্তভোগী অভিযোগকারিরা।
অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে জানতে চাইলে মূর্সেদ আলী জানান, আমার কেনা জমির পাশে সরকারি কিছু জমি ফাঁকা পড়ে থাকায় সেখানে দোকানের মালামাল রাখার গোডাউন করেছি। সরকার যদি প্রয়োজন মনে করে আমি সরকারের কাছে ছেড়ে দেবো। তবে এলাকাবাসীর দাবি ১.১৫ শতক জমি মালিকানা হলে মূর্সেদের দাবি তিনি ৩ শতক কিনেছেন।
এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আকতারের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক বলেন, ‘অনেক স্থান থেকেই অভিযোগ আসছে। এ অভিযোগটি দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


প্রকাশিত: August 23, 2026 | সময়: 5:42 am | সুমন শেখ

আরও খবর