সর্বশেষ সংবাদ :

চাঁ’নবাবগঞ্জে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি সেমিনার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, গণমাধ্যম ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে চাঁপাইনবাবগঞ্জে ‘এসডিজি বাস্তবায়নে অগ্রগতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হলরুমে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব)-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ ও বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন এডাব রাজশাহী বিভাগের বিভাগীয় সমন্বয়কারী আবু সাঈদ।
এডাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজনের প্রতিনিধি একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি ফয়সাল আজম অপু, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইনের প্রতিনিধি এসআই সেলিম রেজা, অ্যাডভোকেট ফাতিমা পারভিন বন্যা, আদিবাসী নেত্রী কনেভিউস মুর্মুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রতিবন্ধী প্রতিনিধি, আদিবাসী প্রতিনিধি, হিজড়া প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলীম বলেন, এসডিজি অর্জন শুধু সরকারের একার দায়িত্ব নয়; বরং এর সফল বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
স্থানীয় পর্যায়ে এসডিজির লক্ষ্যগুলো বাস্তবায়নে এনজিওসহ উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকার প্রশংসা করে তিনি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সেমিনারে বক্তব্য দেন সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি সাংবাদিক ফয়সাল আজম অপু। তিনি বলেন, এসডিজি বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উন্নয়নের সুফল সমাজের প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষের কাছে পৌঁছে দেওয়া। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, নারী ও শিশুর অধিকার, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অধিকার নিশ্চিত করার মধ্য দিয়েই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, স্থানীয় বাস্তবতা ও মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে এসডিজির লক্ষ্য নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের সাফল্য যেমন তুলে ধরতে হবে, তেমনি যেখানে ঘাটতি রয়েছে সেখানেও গঠনমূলকভাবে তা তুলে ধরে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। সরকারি প্রতিষ্ঠান, এনজিও, গণমাধ্যম, জনপ্রতিনিধি ও সুশীল সমাজ একসঙ্গে কাজ করলে চাঁপাইনবাবগঞ্জে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা স্থানীয় প্রেক্ষাপটে এসডিজি বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


প্রকাশিত: August 11, 2026 | সময়: 4:16 am | সুমন শেখ

আরও খবর