, , ।
নুরুজ্জামান , বাঘা :
রাজনীতির পথ কখনো মসৃণ নয়। দীর্ঘ সময় ধরে মানুষের পাশে থাকা, সুখ-দুঃখের সঙ্গী হওয়া, সংগঠনকে এগিয়ে নেওয়া এবং জনআস্থার পরীক্ষায় বারবার উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়েই একজন নেতার পরিচয় গড়ে ওঠে। বাঘা পৌর এলাকার রাজনীতিতে এমনই একটি পরিচিত নাম মোঃ কামাল হোসেন।
আসন্ন বাঘা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযো গমাধ্যম ফেসবুকে প্রকাশিত তাঁর বিভিন্ন ছবি, ভিডিও ও বক্তব্যে উঠে এসেছে। বিশেষ করে দীর্ঘ রাজনৈতিক পথচলা, জনসেবার অভিজ্ঞতা এবং একটি আধুনিক পৌরসভা গড়ার স্বপ্ন কামাল হোসেনের হৃদয়ে। লোকজন বলছেন, এখন পর্যন্ত দলের একটি বৃহৎ অংশের নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছেন।
প্রচারিত বক্তব্য অনুযায়ী, ছাত্রজীবন থেকেই নেতৃত্বের প্রতি ছিল তাঁর গভীর আগ্রহ। ১৯৯০ সালে বাঘা উচ্চ বিদ্যালয়ের ভিপি এবং ১৯৯৩ সালে শাহদৌলা সরকারি কলেজ ছাত্র সংসদের এজিএস হিসেবে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে নেতৃত্বের প্রথম অধ্যায় শুরু হয় তাঁর। সেই পথ ধরেই ছাত্ররাজনীতি থেকে মূলধারার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন কামাল হোসেন ।
বিএনপি দলীয় নেতা কর্মীরা জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে কামাল হোসেন প্রথমে ছাত্রদল, এরপর বাঘা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, অতঃপর বাঘা উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং বাঘা পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বাঘা পৌর বিএনপির নির্বাচিত সভাপতি হিসেবে সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
তাঁর অনুসারীদের ভাষ্য, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একজন সংগঠক হিসেবেও তিনি কর্মীদের কাছে আস্থার প্রতীক। ব্যবসায়ী সমাজের সঙ্গেও তাঁর রয়েছে নিবিড় সম্পৃক্ততা। বাঘা বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক হিসেবে ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও ভূমিকা রাখছেন বলে প্রচারণায় উল্লেখ করছেন তার কর্মীরা ।
প্রচারিত বক্তব্যে আরও বলা হয়েছে, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়াই তাঁর রাজনৈতিক দর্শন।
রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদের সঙ্গে দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা ও জেল জুলুম খাটার বিষয়টিও সেখানে তুলে ধরা হয়েছে।
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কামাল হোসেনের অঙ্গীকার-একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিক বান্ধব বাঘা পৌরসভা গড়ে তোলা। যেখানে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং বাস্তবতার প্রতিচ্ছবি ও নাগরিক সেবা পৌঁছে যাবে প্রতিটি মানুষের দোরগোড়ায় ।
তাঁর ভাষায়, জনপ্রতিনিধিত্ব কেবল একটি পদ নয়, এটি মানুষের বিশ্বাসের প্রতিদান দেওয়ার দায়িত্ব ও আস্থার জায়গা । তিনি বাঘা পৌরবাসীর কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন। একই সঙ্গে উন্নয়ন, সম্প্রীতি ও জনকল্যাণের অভিযাত্রায় সবাইকে একসঙ্গে পথ চলার আহ্বান জানিয়েছেন।
বাঘা পৌর এলাকার সুশীল সমাজের লোকজন জানান, সময়ই বলে দেবে নির্বাচনের মাঠে জনগণ কাকে তাদের আস্থার প্রতীক হিসেবে বেছে নেয়। তবে প্রচারণার ভাষা বলছে, বাঘার রাজনীতিতে নিজের দীর্ঘ অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে পুঁজি করেই নতুন স্বপ্ন নিয়ে ভোটারদের দুয়ারে পৌঁছাতে চাইছেন মোঃ কামাল হোসেন।
নুরুজ্জামান /শামি