, , ।
স্টাফ রিপোর্টার, নাটোর: প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহা সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই কবি কাজী নজরুল ইসলামকে ১৯৭৬ সালে এদেশের নাগরিকত্ব দিয়েছিলেন। তিনি বলেন, ১৯৪৭, ১৯৭১ এমনকি ২০২৪এর আন্দোলনে নজরুলের গানেই জাতি জেগে উঠেছে। শুধু শহর নয় প্রতিটি গ্রাম গঞ্জে নজরুলের আর্দশ ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, নজরুল শুধু বিদ্রোহী কবি নয়, তিনি যেমন খোদা ভীরু কবি তেমনি প্রেমের কবি। তিনি হিন্দু মুসলিম সকলের কবি। তিনি শ্যামা সঙ্গীত লেখার পাশাপাশি ইসলামী সঙ্গীত ও রচনা করেছেন। আমরা তার সাহিত্য থেকে ন্যায় অন্যায় বোধ শিখছি।
তিনি বলেন, বিরোধী দল বুঝতে পারে না বিএনপি সরকার কি পরিবর্তন করেছে। বিএনপির কয়েক মাসের আমলে গুম হচ্ছে না, বিচার বহিঃভূত হত্যাকান্ড হচ্ছে না, শেয়ার বাজার কেলেংকারী হচ্ছে না। কোন প্রকার নিত্য পণ্যের দাম বাড়েনি এটাই পরিবর্তন। আগের পাটের ন্যায্য দাম না পাওয়ায় কৃষক আত্মহত্যা করতো। এখন কৃষক পাটের ন্যায্য দাম পাচ্ছে।
বিরোধীদলকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনারা বলেন, আধিপত্যবাদের কাছে মাথা নত না করায় আপনারা ক্ষমতায় আসতে পারেননি। অথচ বিএনপির সাথে জোট করে পেয়েছিলেন ১৮ আসন আর জোট থেকে বের হয়ে পেয়েছিলেন ৩ আসন।
তিনি বলেন, বিরোধীদল গঠন মূলক সমালোচনা করবে এটাই স্বাভাবিক, কিন্তু মিথ্যা প্রচারণা চালাবেন না। বিএনপি যা যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসছে তার সব বাস্তবায়ন করবে। ইতোমধ্যে খাল কাটা ও সব কার্ড দেয়া শুরু হয়েছে।
রিজভী আরো বলেন, বিএনপি সরকার দেশের বন্ধ কলকারখানা চালু করার চিন্তা ভাবনা শুরু করেছেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপনের সঞ্চালনায় কবি কাজি নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট নজরুল গবেষক চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক যথাক্রমে ড. মুন্সি আবু সাইফ ও গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান ও জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সবাই সচেতন থাকুন। ফ্যাসিবাদকে প্রশয় দেয়া যাবে না।
ফ্যাসিবাদের পাতা ফাঁদে কেউ পা দিবেন না। ফ্যাসিবাদ ফিরে আসলে আমরা কেউ বাঁচতে পারবো না। প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহা সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অনুষ্ঠানের আগে নাটোর চিনিকল পরিদর্শন করেন।