, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা), রাজশাহীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শহরটা আমাদের সবার। আপনাদের সকলের সহযোগিতায় শহরটাকে আরও সুন্দর করে গড়ে তুলতে চাই। ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে ইনডোর স্টেডিয়ামের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে আরও এসটিএস নির্মাণ করা হবে। মশা নিয়ন্ত্রণে লার্ভিসাইড ও এ্যাডাল্টিসাইড স্প্রে কার্যক্রম চলমান রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজ আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশার উৎস স্থল ধ্বংস করতে হবে। সভায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও জলাবদ্ধতামুক্ত রাজশাহী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে রেডার সহযোগিতা কামনা করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্য চিত্র উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। সভায় বক্তব্য রাখেন রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে সভায় রাসিকের সচিব সোহেল রানা, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক নিধন কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান সহ রেডার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।