সর্বশেষ সংবাদ :

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রাজশাহী এগিয়ে যাবে: মিনু

স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী সবার শহর। তাই দল-মত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে প্রিয় রাজশাহী। ক্ষমতার অপব্যবহার নয়, সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই নগরীর উন্নয়ন সম্ভব। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে রাজশাহীতে তিন দিনব্যাপী শিশুদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমরা দলীয় অন্ধত্বে বিশ্বাস করি না। সবাই মিলেই এই রাজশাহী মহানগর। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী আরও এগিয়ে যাবে।’
তিনি বলেন, জাতীয় হার্ট ফাউন্ডেশন রাজশাহী ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে। তিন দিনব্যাপী শিশুদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও বড় পরিসরে সেবা দিতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। হার্ট ফাউন্ডেশনের বিভিন্ন দাবির প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানটির জন্য আরও বেশি অনুদান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালটির কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জানানো হয়, তিন দিনের এ কর্মসূচিতে প্রায় আড়াই হাজার শিশুর হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আ. ন. ম. ড. বজলুর রশীদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী। সভাপতিত্ব করেন জাতীয় হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক মহাম্মদ হাবিবুর রহমান। উল্লেখ্য, গত ২২ জুলাই এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এ কর্মসূচিতে চীনের চার সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল অংশ নেয়। এতে ২ হাজার ৬০০ জন নিবন্ধন করেন। কর্মসূচিতে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ।


প্রকাশিত: July 25, 2026 | সময়: 4:03 am | সুমন শেখ