সর্বশেষ সংবাদ :

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে ধনবাড়ী-গোপালপুরের ম্যাচ ড্র

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফুটবল টুর্নামেন্টে ধনবাড়ী উপজেলা বনাম গোপালপুর উপজেলা দলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
সোমবার ১৩ জুলাই বিকেলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল প্রতিযোগিতা হলেও শেষ পর্যন্ত কোনো দলই জয়ের দেখা পায়নি। ফলে নির্ধারিত সময় শেষে ০-০ গোলের সমতায় মাঠ ছাড়ে দুই দল।
খেলাটি উপভোগ করতে বিকেল থেকেই কলেজ মাঠের চারপাশে ভিড় করেন বিভিন্ন বয়সের শ্রেণি ও পেশার মানুষ। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে ধনবাড়ী সরকারি কলেজ মাঠ পরিণত হয় এক উৎসবমুখর ক্রীড়াঙ্গণে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে ধনবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ধনবাড়ী পৌর প্রশাসক দিল-আফরোজ, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি), ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস. এম. এ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির সাংবাদিক হাফিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ও শৃংঙ্খলাবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ক্রীড়ার প্রসার এবং নতুন প্রতিভা বিকাশে এ ধরনের টুর্নামেন্ট ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


প্রকাশিত: July 15, 2026 | সময়: 3:47 am | সুমন শেখ