সর্বশেষ সংবাদ :

তানোরের কিশোরী ধর্ষণ মামলার রায় আজ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলায় গির্জা থেকে এক কিশোরীকে উদ্ধারের পর করা ধর্ষণ মামলার রায়ের জন্য আজ (রোববার) দিন ধার্য্য রয়েছে। প্রায় ছয় বছর আগে দায়ের হওয়া এ মামলায় গির্জার তৎকালীন ফাদার প্রদীপ গ্রেগরী একমাত্র আসামি। মামলার বাদী জানান, ২০২০ সালের ওই ঘটনার পর থেকে তাঁদের পরিবার ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য ১২ জুলাই দিন ধার্য করেছেন। তিনি আসামির দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর সকালে তানোর উপজেলার মুণ্ডুমালা মাহালীপাড়া এলাকার এক কিশোরী বাড়ির পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন তাঁর বড় ভাই তানোর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গির্জা থেকে কিশোরীকে উদ্ধার করে। এরপর কিশোরীর বক্তব্যের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর রাতে তাঁর বড় ভাই বাদী হয়ে তানোর থানায় মামলা করেন। মামলায় গির্জার তৎকালীন ফাদার প্রদীপ গ্রেগরীকে একমাত্র আসামি করা হয়। বিচারিক কার্যক্রম শেষে আদালত আগামীকাল রোববার মামলার রায় ঘোষণা করবেন বলে বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন।


প্রকাশিত: July 12, 2026 | সময়: 3:53 am | সুমন শেখ