বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের পাঠানধারা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাজ্জাদুল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে তিলকপুর-রায়কালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদুল হোসেন উপজেলার পুন্ডরিয়া গ্রামের জাকের হোসেন বাবুর ছেলে।
আহতরা হলেন, রায়কালী খাঁ পাড়ার লিটন হোসেন এবং নারিকেলী গ্রামের সাদ্দাম হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সাজ্জাদুলসহ তিনজন তিলকপুর বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে পাঠানধারা এলাকায় পৌঁছালে সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এতে লিটন গুরুতর আহত হয়ে সড়কের পাশে পড়ে ছিলেন এবং সাদ্দাম পাশের একটি পুকুরে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন জানান, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় একজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিলকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশিদ পিন্টু বলেন, সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করতেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।