শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাচে একসময় ১০ জনে নেমে খেললেও দাপট ধরে রেখে জয় তুলে নেয় আমেরিকানরা। আগামী ৭ জুলাই শেষ ষোলোতে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। প্রথমার্ধের হাইড্রেশন ব্রেক পর্যন্ত গোল না এলেও ২৪ মিনিটের মধ্যে ৭৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে স্বাগতিকরা। তবে সে সময় নেওয়া দুটি শটের কোনোটিই লক্ষ্যে রাখতে পারেননি ক্রিশ্চিয়ান পুলিসিকরা। প্রথমার্ধের শেষ মুহূর্তে আসে কাঙ্ক্ষিত গোল। ৪৫তম মিনিটে মালিক টিলম্যানের তৈরি করা আক্রমণে বসনিয়ার দুই ডিফেন্ডারের গায়ে লেগে বল পৌঁছে যায় ফ্লোরিয়ান বালোগানের কাছে। সুযোগ কাজে লাগিয়ে গোলরক্ষক নিকোলা ভাসিলজকে পরাস্ত করে স্বাগতিকদের এগিয়ে দেন এই স্ট্রাইকার। ১-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। বিরতির পর ৫২ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়েন বসনিয়ার অভিজ্ঞ ফরোয়ার্ড এডিন জেকো। এরপরও আক্রমণ চালিয়ে যায় তারা। ম্যাচের ৬১ মিনিটে বল দখলের লড়াইয়ে মুহারেমোভিচ ও বালোগান পড়ে গেলে রেফারি ভিএআরের সহায়তা নেন। পর্যালোচনা শেষে ৬৫ মিনিটে বালোগানকে লাল কার্ড দেখানো হয়। ফলে শেষ প্রায় আধাঘণ্টা ১০ জন নিয়েই খেলতে হয় যুক্তরাষ্ট্রকে। সংখ্যাগত সুবিধা পেয়েও সমতায় ফিরতে পারেনি বসনিয়া। দেমিরোভিচ ও বাজারাকতারেভিচের দুটি ভালো সুযোগ লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৯ মিনিটে পুলিসিক বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে যুক্তরাষ্ট্র। বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি-কিকে মালিক টিলম্যান বল জড়িয়ে দেন জালের ডান কোণে। গোলরক্ষক নিকোলা ভাসিল ঝাঁপিয়েও বল ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। ১০ জন নিয়েও দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিয়ে তারা নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট। উল্লেখ্য, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সেরা সাফল্য ১৯৩০ সালে, যখন তারা তৃতীয় স্থান অর্জন করেছিল। এরপর ২০০২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলাই ছিল তাদের সর্বোচ্চ অর্জন।