সর্বশেষ সংবাদ :

সিংড়ায় দুই ট্রাকের রেষারেষি প্রাণ গেল অটোভ্যান চালকের

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় দুই ট্রাকের প্রতিযোগিতার বলি হয়েছেন সনজিত (৩৫) নামের এক অটোভ্যান চালক। মঙ্গলবার ৩০ জুন দুপুর আনুমানিক ১টার দিকে জামতলী-রাণীরহাট আঞ্চলিক সড়কের কাঁকিয়ান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সনজিত উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের কৈডালা গ্রামের নরেনের ছেলে। তিনি পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সনজিত প্রতিদিনের মতো সকালে ভ্যান নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বের হয়েছিলেন। সকালের ডিউটি শেষে দুপুরের খাবার খাওয়ার জন্য তিনি বামিহাল বাজার থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন।
পথিমধ্যে ভ্যানটি জামতলী রাণীরহাট সড়কের কাঁকিয়ান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাক একে অপরকে ওভারটেক করার জন্য বেপরোয়া গতিতে পাল্লা দেওয়া শুরু করে। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সনজিতের অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই অটোভ্যান চালক সনজিতের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিংড়া থানা পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘাতক ট্রাক দুটি পালিয়ে গেলেও পুলিশ তাদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। দ্রুতই ট্রাক দুটি জব্দ এবং চালকদের আইনের আওতায় আনা হবে।


প্রকাশিত: জুলাই ১, ২০২৬ | সময়: ৪:২৬ পূর্বাহ্ণ | সুমন শেখ