‘আয়োজকরা চায় আমরা টুর্নামেন্ট থেকে বাদ পড়ি’: ইরান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: শুধু মাঠের প্রতিপক্ষের বিরুদ্ধেই নয়, বিশ্বকাপে বাইরের নানা সমস্যার সঙ্গেও লড়তে হচ্ছে ইরানকে। কাগজে-কলমে সব দলের জন্য নিয়ম এক হলেও তাদের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে—এমন অভিযোগ তুলেছেন দলের অধিনায়ক মেহদী তারেমি। বিশ্বকাপ শুরুর পর থেকেই ভেন্যু ও লজিস্টিক ব্যবস্থাপনায় নানা ভোগান্তির মুখে পড়ছে ইরান। অন্য দলগুলো যেখানে ম্যাচ ভেন্যুর কাছাকাছি ক্যাম্প করতে পারছে, সেখানে ইরানকে প্রতিটি ম্যাচ খেলতে হচ্ছে ভিন্ন দেশ থেকে এসে। ম্যাচ শেষে আবার তাদের ফিরতে হচ্ছে মেক্সিকোর ক্যাম্পে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে দলের কয়েকজন সদস্য যুক্তরাষ্ট্রের ভিসাও পাননি বলে জানা গেছে। মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে ইরানের অধিনায়ক মেহদী তারেমি বলেন, “এটা জঘন্য একটা বিশ্বকাপ। ফিফা সব সমস্যার সমাধান করার কথা বলেছিল, কিন্তু কিছুই হয়নি।” তিনি আরও বলেন, “আমাদের লজিস্টিক টিমের কেউ এখানে নেই, কারণ তারা ভিসা পায়নি। এটা স্পষ্টভাবে অন্যায়। আমাদের মনে হচ্ছে, আয়োজকরা চায় আমরা টুর্নামেন্ট থেকে বাদ পড়ি।”
তারেমির অভিযোগ, প্রতিনিয়ত সমস্যার মুখে পড়লেও ফিফা বা সংশ্লিষ্ট কেউ কার্যকর পদক্ষেপ নেয়নি। তিনি প্রশ্ন তোলেন, “৯০ মিনিট খেলার পর আবার কেন আমাদের তিহুয়ানায় ফিরতে হবে?” নকআউটে যাওয়ার সম্ভাবনা নিয়েও অনিশ্চয়তায় আছে ইরান। তিন পয়েন্ট নিয়ে তারা বর্তমানে তৃতীয় সেরা দলগুলোর তালিকায় ছয় নম্বরে রয়েছে। শেষ ৩২-এ তাদের ভাগ্য নির্ভর করছে অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর। মিসরের বিপক্ষে জিতলেই সরাসরি পরের রাউন্ডে জায়গা পেত ইরান। ম্যাচের শেষ দিকে ২-১ ব্যবধানে এগিয়েও ছিল তারা, তবে অফসাইডের কারণে তাদের একটি গোল বাতিল হয়ে যায়।


প্রকাশিত: জুন ২৯, ২০২৬ | সময়: ৪:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর