বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নয় বছর বয়সের পিতৃহীন এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আহাদ আলী (৬৫) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আহাদ আলী উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।
থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল ওই শিশুটি তার সমবয়সী খেলার সাথীকে ডাকতে আহাদ আলীর বাড়িতে যায়। এ সময় আহাদ আলী তাকে কৌশলে ডেকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে জানালে আহাদ আলী তাদের দুজনকে বিষয়টি গোপন রাখতে বলে। অন্যথায় তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
পরে আহাদ আলীর ছোট ভাইয়ের স্ত্রী রুমা বেগম শিশুটিকে চিকিৎসা করিয়ে তিনিও বিষয়টি গোপন রাখতে চাপ দেন। কিন্তু সম্প্রতি ওই শিশু বিষয়টি প্রকাশ করে দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে তার বড় ভাই কর্মস্থল থেকে বাড়িতে এসে থানায় মামলা করেন।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।