সর্বশেষ সংবাদ :

রোনালদো-নেইমারের কাউকে কিছু প্রমাণ করার নেই’

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে দারুণ সব গোল-রেকর্ডে লিওনেল মেসি নজর কাড়লেও আড়ালে রয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ভালো পারফরর্ম না করায় তাকে মুখোমুখি হতে হচ্ছে সমালোচনার। অন্যদিকে পায়ের চোটের কারণে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি নেইমার, যার ফলে সমালোচকরা দাবি করছেন যে তাকে স্কোয়াডে রাখাই উচিত হয়নি।
এ দুইজনের সমালোচনার জবাব দিলেন পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কান্সেলো। তার মতে রোনালদো বা নেইমার কেউই এই বিশ্বকাপে যে সমালোচনার শিকার হচ্ছেন তা প্রাপ্য নয়। সাংবাদিকদের কান্সেলো বলেন, ‘আমার মনে হয় না নেইমার বা ক্রিস্টিয়ানোর কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন আছে। ফুটবলে তারা যা অর্জন করেছেন, তা নিজ থেকেই কথা বলে। এসব সমালোচনা কেবলই লোক দেখানো। ক্রিস্টিয়ানো এবং নেইমার দুজনেই জানেন তারা কারা এবং তাদের দেশের জন্য তারা কতটা গুরুত্বপূর্ণ।’
লিওনেল মেসির পাশাপাশি রোনালদো এখন ইতিহাসের একমাত্র খেলোয়াড় যারা ছয়টি বিশ্বকাপে খেলার অনন্য রেকর্ড গড়েছেন। ২০০৩ সালে অভিষেকের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল করে পর্তুগাল অধিনায়ক এখন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
অন্যদিকে, ১২৮ ম্যাচে ৭৯ গোল করে নেইমার ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে এসিএল ইনজুরিতে পড়ার পর থেকে দীর্ঘ সময় তিনি মাঠের বাইরে ছিলেন।
আগামী বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমার যদি মাঠে ফেরেন, তবে তাকে নিয়ে বিন্দুমাত্র ভীত নন স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেন্ড্রি। ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পায়ের চোটের কারণে গ্রুপ ‘সি’-র প্রথম দুই ম্যাচ মিস করলেও কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, মায়ামিতে স্কটল্যান্ড ম্যাচে খেলার জন্য নেইমার এখন পুরোপুরি ফিট।
২০২১-২২ মৌসুমে ক্লাব ব্রুজের হয়ে খেলার সময় চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের মুখোমুখি হয়েছিলেন হেন্ড্রি। সেই সময় পিএসজির বিখ্যাত আক্রমণভাগে নেইমারের সঙ্গী ছিলেন মেসি এবং কিলিয়ান এমবাপ্পে। এরপর হেন্ড্রি যখন সৌদি আরবের আল ইত্তেফাক ক্লাবে যোগ দেন, নেইমারও আল-হিলালের হয়ে সেখানে পাড়ি জমিয়েছিলেন। যদিও নেইমার বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন।
নর্থ ক্যারোলিনায় স্কটল্যান্ডের অনুশীলন ক্যাম্পে নেইমারের বিপক্ষে আবারও খেলার সম্ভাবনা নিয়ে হেন্ড্রিকে প্রশ্ন করা হলে তিনি শান্তভাবেই বলেন, ‘হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমরা একই লিগে ছিলাম। নেইমারের মুখোমুখি হতে আমি বেশ সাবলীল এবং আমি এই লড়াইয়ের অপেক্ষায় আছি।’
হেন্ড্রি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত সৌদি আরবে নেইমার এসিএল ইনজুরিতে পড়েছিলেন, না হলে তার বিপক্ষে আমার আরও খেলা হতো। পিএসজিতে থাকাকালীন আমি চ্যাম্পিয়ন্স লিগে তার বিপক্ষে খেলেছি, যা ছিল বড় একটি পরীক্ষা। মেসি, এমবাপ্পে এবং নেইমারের সেই ত্রয়ীর বিপক্ষে খেলার অভিজ্ঞতা ছিল দারুণ।’ হেন্ড্রি স্মৃতিচারণ করে বলেন, ‘এই ধরণের বড় মাপের খেলোয়াড়দের বিপক্ষে খেলার সময় মনোযোগ এক মুহূর্তের জন্যও সরানো যায় না। সামান্য ভুলে তারা আপনাকে বিপদে ফেলে দিতে পারে। এই মুহূর্তগুলো থেকে অনেক কিছু শেখা যায়। আমি ম্যাচটির অপেক্ষায় আছি, দেখা যাক তিনি মাঠে নামেন কি না।’


প্রকাশিত: জুন ২৪, ২০২৬ | সময়: ৬:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর