শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার মননশীল ও সৃষ্টিশীল কর্মের দ্বারা বিশ্বমানবতার মলিনতা ও দীনতা ঘুচিয়ে শুচিশুভ্র বিশ্ববোধ জাগ্রত করেছেন। অপর দিকে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি বাঙালি জাতীয়তাবাদ, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাদের বিচিত্র সাহিত্যকর্ম বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
বৃহস্পতিবার ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মদিবস উদ্যাপন উপলক্ষ্যে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টায় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজের রবীন্দ্র-নজরুল চত্বর থেকে শুরু হয়ে কলেজ মাঠ প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মুখ্য আলোচক নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার, উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুস আলী, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক- প্রফেসর মো: ইকবাল হোসেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
শোভাযাত্রা শেষে সকাল ১০.৩০ মিনিটে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শিখা সরকার, অধ্যক্ষ, নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী। অনুষ্ঠানের পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মজিদ, সহযোগী অধ্যাপক, আরবি ও ইসলাম শিক্ষা, পবিত্র গীতা পাঠ করেন প্রফেসর সাগর কুমার মণ্ডল, বিভাগীয় প্রধান, সংস্কৃত বিভাগ। বিশ্ব কবিকে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর রণসঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় কবির প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন- সাহিত্য ও সাংস্কৃতিক কমিটি আহ্বায়ক প্রফেসর মো: ইকবাল হোসেন। মুখ্য আলোচক প্রফেসর ড. শিখা সরকার তাঁর বক্তব্যে বলেন Ñ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ দুজন মহৎ কবি বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, বিকশিত করেছেন বাঙালি জাতিসত্তার ভিত্তিভূমি। উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুস আলী বলেনÑ বর্তমান প্রজন্মকে রক্ষা করতে রবীন্দ্র-নজরুল জীবনী ও সাহিত্য পাঠের কোনো বিকল্প নেই। অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী তাঁর বক্তব্যে রবীন্দ্র-নজরুল সাহিত্যের তুলনামূলক আলোচনা করেন এবং রবীন্দ্র-নজরুল সাহিত্য পাঠের প্রাসঙ্গিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নজরুলকে শোষিত, অত্যাচারিত, অধিকারবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত হিসেবে চিহ্নিত করেন। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেনÑ রাজশাহী কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. হাবিবুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তাসলিমা খাতুন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ গোলাম কিবরিয়া, ইংরেজি বিভাগের প্রভাষক ঊর্মিলা চক্রবর্তী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে আবৃত্তি, সংগীত, নৃত্য ও নাটক পরিবেশিত হয়। সবশেষে অনুষ্ঠানটি সার্থক ও সফল করে তোলার জন্য অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।