সর্বশেষ সংবাদ :

চাটমোহরে হাশেম হত্যার আসামী গ্রপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে হাশেম প্রামানিকের হত্যাকারী ভেজাল দুধ উৎপাদনকারী আব্দুল মমিন ও তার সহযোগিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, নিহত হাশেম প্রামানিকের স্ত্রী জহুরা বেগম, তার শিশু সন্তান আবু বক্কর সিদ্দিক, সাইদুল ইসলাম, সাইজুদ্দিন, জাকির হোসেন, জাহাঙ্গীর সরকার, সেলিনা খাতুন, তৈয়বা খাতুন, আন্না খাতুন ও রবিউল মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, আব্দুল মমিন বহাল তবিয়তে এলাকায় ঘুরছে। পুলিশ রাতে এসে মমিনের বাড়িতে গিয়ে দেখা করে চলে যাচ্ছে। তার দুধের ব্যবসাও চলমান রয়েছে। মানববন্ধনে বক্তারা দ্রুত আব্দুল মমিন ও তার সহযোগিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে জাতীয়তাবাদী কৃষকদলের বহিস্কৃত নেতা ও ভেজাল দুধ উৎপাদনকারী আব্দুল মমিনদের হামলা ও মারপিটে আহত হাশেম প্রামানিক গত ৪ জুন চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
তার আরেক ভাই হাজু প্রামানিক এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন। ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাতের বিষয়ে স্থানীয় প্রশানসন ও এনএসআইকে তথ্য দেওয়ার অভিযোগ এনে কৃষকদল নেতা আব্দুল মমিন গং ঈদের পরের দিন গত ২৯ মে সকালে নটাবাড়িয়া বাজারে হাশেম প্রামানিক সহ তার স্বজনদের উপর হামলা চালিয়ে মারপিট করে।
এতে হাশেম প্রামানিকসহ ৭ জন গুরুতর আহত হন। তাদেরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় হাশেম প্রামানিক মারা যান। এ ঘটনার পর রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এসময় অভিযান চালিয়ে শহীদ হোসেন নামের একজনকে আটক করা হয়। হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় কৃষকদল নেতা আব্দুল মমিনসহ ১০জনকে বিবাদী করা হয়েছে। কিন্তু এখনো গ্রেপ্তার হননি আব্দুল মমিন ও তার সহযোগিরা। তারা নানাভাবে বাদী ও তার স্বজনদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, ভেজাল দুধ তৈরি ও বিক্রি করার অপরাধে একাধিকবার চাটমোহর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মমিনকে জরিমানা করেন। আব্দুল মমিনের পিতা সহ তার এক সহযোগিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা এখনো জামিন পাননি। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে আব্দুল মমিন গং ভেজাল দুধ উৎপাদনের কারবার অব্যাহত রাখেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান জানান, মামলা হওয়ার পর একজনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদেরও আটক করার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।


প্রকাশিত: জুন ১০, ২০২৬ | সময়: ৩:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ