মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
শাহালাল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’।
২০২৫-২০২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় আজ (৯ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো: আজিজুর রহমান।
সভায় বক্তারা বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তর, পুষ্টির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে ‘পার্টনার’ প্রকল্প এক যুগান্তকারী ভূমিকা পালন করছে। মাঠ পর্যায়ের কৃষকদের আধুনিক, জলবায়ু-সহিষ্ণু ও লাভজনক কৃষির সাথে সম্পৃক্ত করতে এই ফিল্ড স্কুলগুলো এক একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠ পর্যায়ের কৃষি বিপ্লবের নানাদিক তুলে ধরেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বক্তা মোহাম্মদ নাসির উদ্দিন এবং ডিএই রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো: আব্দুল লতিফ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এবং উপজেলার সামগ্রিক কৃষি চিত্র তুলে ধরেন গোদাগাড়ী উপজেলার কৃষি অফিসার মরিয়ম আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান। তিনি তাঁর বক্তব্যে স্থানীয় কৃষকদের এই প্রকল্পের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান।
উক্ত কংগ্রেসে স্থানীয় কৃষি কর্মকর্তা, মাঠকর্মী, কৃষি উদ্যোক্তা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক সফল ও আদর্শ কৃষক উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও পুষ্টি সচেতনতা নিয়ে বিশেষ সেশন পরিচালনা করা হয়।
সানশাইন /শামি