সর্বশেষ সংবাদ :

বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দিলেন হাঁসাইগাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, নওগাঁ: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ১৮টি গ্রামের ৬০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ২৫ মে দুপুরে হাঁসাইগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জালাল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এসব সামগ্রী মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়।
ঈদ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১ কেজি আতপ চাল, হাফ লিটার সয়াবিন তেল, হাফ কেজি চিনি, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট দুধ ও এক প্যাকেট মাংসের মসলা।
৮ নম্বর হাঁসাইগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির সভাপতি ও নওগাঁ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জালাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এর আগেও তিনি ঈদুল ফিতরে ঈদ সামগ্রী এবং শীতকালে ১ হাজার ৬০০ কম্বল বিতরণ সহ করোনাকালীন সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান ও চিকিৎসা সহায়তা দিয়ে আসছেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে জালাল হোসেন বলেন, ‘জনগণের ভোগান্তি কমাতে এবার বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে সাধারণ মানুষ আমাকে আবারও নির্বাচিত করলে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন সহ হাঁসাইগাড়ী ইউনিয়নের যাবতীয় উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিচ্ছি।’ এই লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় হাঁসাইগাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাহ, ইউপি সদস্য বেলাল হোসেন মোল্লা, দলিল লেখক মোখলেছুর রহমান, মাখনা-কমলকোঠা গ্রামের বাসিন্দা নাসের আলী এবং নিপা আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: May 26, 2026 | সময়: 2:46 am | সুমন শেখ