সর্বশেষ সংবাদ :

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী জেলা যুবদল নেতার শোক

প্রেস বিজ্ঞপ্তি :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।

শোকবার্তায় রেজাউল করিম টুটুল বেগম জিয়াকে বাংলাদেশের ইতিহাসের এক অবিসংবাদিত ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি গভীরভাবে মর্মাহত। রাজশাহী জেলা যুবদলের পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।”

বেগম জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে তাঁর ভূমিকা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

নিজের ব্যক্তিগত স্মৃতিচারণ করতে গিয়ে জেলা ছাত্রদলের সাবেক এই সভাপতি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি যখন নেত্রীকে কারাগারে পাঠানো হয়, তার ঠিক তিন-চারদিন আগে ছাত্রদলের সভাপতি হিসেবে ওনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয়েছিল। সেদিন তিনি অত্যন্ত ধৈর্য ধরে আমার কথা শুনেছিলেন এবং রাজশাহীর রাজপথে সক্রিয় থাকার জন্য আমাকে দিকনির্দেশনা দিয়েছিলেন।”

টুটুল আরও যোগ করেন, “সেদিনটিই ছিল ওনার সাথে আমার শেষ দেখা। এরপর রাজনৈতিক পরিস্থিতির কারণে আর দেখা না হলেও আমরা তাঁর সেই নির্দেশনা মেনেই বিএনপির রাজপথে অবিচল থেকে কাজ করেছি। আজকের এই দিনে সেই স্মৃতিগুলো বারবার মনে পড়ছে।”

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সানশাইন /শামি


প্রকাশিত: December 30, 2025 | সময়: 5:22 pm | Daily Sunshine