সর্বশেষ সংবাদ :

মানুষের দাবি উপেক্ষা করা হলে পাউবো ঘেরাও এর হুঁশিয়ারি : আবু সাঈদ চাঁদ

স্টাফ রিপোর্টার,চারঘাট-বাঘা :

২০২৪ সালে শেখ হাসিনার কবর রচনা করতে চেয়ে দীর্ঘ সময় কারাবাসে ছিলেন চারঘাট-বাঘার আলোচিত নেতা আবু সাঈদ চাঁদ। তিনি এবার মানুষের প্রাণের দাবি আদায়ে নদী এলাকায় ফসলী জমি ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে কৃষকদের পক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(পাউবো)এর অফিস ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার(১ নভেম্বর) সকালে রাজশাহীর চারঘাট উপজেলা সদরে অত্র এলাকায় নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মানের দাবিতে সর্বস্তরের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে দাড়িয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। আবু সাঈদ চাঁদ বর্তমানে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক এর দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য। বিগত সরকার আমলে নানা দাবি আদায়ের আন্দোলন ও সংগ্রাম কর্মসুচী সফল করতে গিয়ে প্রায় কয়েক দফা হাজতবাস করেছেন।

স্থানীয় লোকজন জানান, শনিবার সকাল ১১ টায় রাজশাহীর চারঘাট বাজারে পদ্মা নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাধ নির্মানের দাবিতে সর্বস্তরের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে অনেকেই বক্তব্য রাখেন। তবে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী- ৬(চারঘাট-বাঘা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু সাঈদ চাঁদ বলেন, নদী ভাঙ্গন প্রতিরোধে চারঘাট-বাঘার মানুষের প্রানের দাবি স্থায়ী বাধ নির্মান। মানুষের দাবি উপেক্ষা করা হলে, জেলা পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও করা হবে।

তিনি বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে পাওবোর কোন অফিসারকে অফিসে বসতে দেয়া হবে না। মানুষ আজ তাদের প্রাণের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। নিজের ভিটে-মাটি রক্ষায় মানুষকে ক্ষেপিয়ে তুলবেন না। দ্রুত সময়ের মধ্যে চারঘাট-বাঘায় নদী ভাঙ্গন রোধে বাধ নির্মানের উদ্যোগ গ্রহন করবেন। তা-না হলে এলাকার জনগণ আপনাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,পৌর বিএনপি নেতা মমিনুল হক মমিন, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন নদী এলাকায় ভাঙ্গন কবলিত ও ভাঙ্গনের মুখে দাড়িয়ে থাকা জমির একাধিক মালিক, এলাকার কতিপয় সমাজ সেবক, শিক্ষক, ইমাম ও ব্যবসায়ী-সহ সর্বস্তরের জনসাধারণ।

সানশাইন/শামি


প্রকাশিত: November 1, 2025 | সময়: 4:10 pm | Daily Sunshine