আইটিএফ জুনিয়র টেনিস টুর্নামেন্ট: বাংলাদেশের জারিফ হলেন চ্যাম্পিয়ন, গড়লেন ইতিহাসও

ফয়সাল আলম: বালাদেশের টেনিস খেলোয়াড় জারিফ আবরার আইটিএফ জুনিয়র টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। সেই সঙ্গে গড়েছেন ইতিহাসও। এর আগে বাংলাদেশের কোন টেনিস খেলোয়াড় আইটিএফ এর কোন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেননি। বালক এককের ফাইনালে টপসিট-ওয়ান থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপানকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে ইতিহাস গড়েন বাংলাদেশের এই তারকা টেনিস খেলোয়াড়।
শুক্রবার ( ১০ অক্টোবর) সকাল ৮টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অনূর্ধ্ব-১৮ টেনিস টুর্নমেন্টের বালক একক ও বালিকা এককের দু’টি ফাইনাল অনুষ্ঠিত হয়। ২ নম্বর কোর্টে বাংলাদেশের জারিফ আবরার সরাসরি ২-০(৭-৬)( ৩) (৬-৪) সেটে থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। হাড্ডাহাড্ডি এ ফাইনালে জারিফ আবরার শেষ সেটে ৫টি ম্যাচ পয়েন্ট নষ্ট করে অবশেষে সেটটি জিতে নেন। বালিকাদের ফাইনালটিও চরম উত্তোজনাপূর্ণ ছিল। সাড়ে ৩ ঘন্টার এ ফাইনালে চীনের জিজি ইয়ান ৭-৫ গেমে প্রথম সেট জিতেন। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান মালদ্বীপের টপসিট-টু আরা আসাল আজিম। তিনি দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতলে ম্যাচ তৃতীয় সেটে গড়ায়। শেষ সেটে জিজি ইয়ান কোন আসাল আজিমকে কোন প্রতিরোধ গড়তে দেননি। জিজি ৬-৩ গেমে শেষ সেট জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
ফাইনাল শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহম্মেদ এনডিসি।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বালক এককে বাংলাদেশের জারিফ আবরার চ্যাম্পিয়ন হওয়ায় আমরা আনন্দিত। আমাদের রাজশাহীতে বারোটি দেশের খেলোয়াড়রা এসেছিল আশাকরি তাদের রাজশাহী পছন্দ হয়েছে। খেলা আয়োজনে কিছু ক্রটি থাকতে পারে। ভবিষ্যতে তা সংশোধন করা যাবে। খেলোয়াড়, পৃষ্টপোষক, অভিভাবক, দর্শক সর্বোপরি খেলা আয়োজন থেকে শেষ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যত আমাদের এ আয়োজন চলতে থাকবে এবং এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক আরও দৃঢ় হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহিনুল হাসান, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আরশাফুজ্জামান খান, রাজশাহী টেনিস কমপ্লেক্সের এডহক কমিটির অহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান।
উলে¬খ্য যে, গত ৪ অক্টোবর থেকে বাংলাদেশসহ ১২ দেশের সাতান্ন জন খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয় জে-৩০ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫। সাতদিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টের এ আসর আজ পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়। টুর্নামেন্টের বালিকা দ্বৈত খেলায় চীনের তিয়ানান ডং ও ঝিকান ইয়াং কে পরাজিত করে একই দেশের হানিয়ু ওয়াং ও ইয়াং ঝিজিয়ে এবং বালক দ্বৈত খেলায় ভারতের শানমুগাসুন্দারাম ও আর্য থিরুমূর্তিকে পরাজিত করে থাইল্যান্ডের লিকুল আরিয়াপল ও নাপাত পাত্তালার্টনাপন চ্যাম্পিয়ন হয়।


প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫ | সময়: ৩:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ