, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উত্তরপত্র মূল্যায়নে ইউনিক কোডিং পদ্ধতি চালু এবং সিন্ডিকেট ও সিলেকশন বোর্ডকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবিতে শনিবার বেলা সাড়ে ১১টায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০২৪ সালের আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী ফোরাম সিন্ডিকেটে এখনো একটি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তি বহাল রয়েছেন। এতে করে প্রশাসনিক স্বচ্ছতা ও বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
তাদের অভিযোগ, “আওয়ামী লীগের পদধারী একজন ব্যক্তি এখনো সিন্ডিকেট সদস্য হিসেবে বহাল রয়েছেন, যা রুয়েটের স্বাভাবিক প্রশাসনিক পরিবেশকে প্রভাবিত করছে।” শিক্ষার্থীরা বলেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে গঠিত সিলেকশন বোর্ডেও ‘আওয়ামী দোসরদের’ প্রভাব বিদ্যমান। ফলে যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে মনে করছেন তারা।
বক্তারা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা ১২ দফা দাবি উত্থাপন করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল উত্তরপত্র মূল্যায়নে ইউনিক কোডিং ব্যবস্থা চালু করা। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও এ দাবিতে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এতে করে প্রশাসনের সদিচ্ছা নিয়েও সংশয় প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
তারা বলেন, “আমরা চাই, রুয়েটের একাডেমিক ও প্রশাসনিক প্রতিটি স্তর হোক রাজনৈতিক প্রভাবমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক। এজন্য দ্রুত সময়সীমাসহ একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে প্রশাসনকে।”
শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি বাস্তবায়নে বিলম্ব হলে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।