সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে জেলা প্রশাসক ফুটবলের উপজেলা ভিত্তিক বাছাই পর্ব শুরু

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় তৃণমূল থেকে দক্ষ ফুটবলার তৈরির লক্ষ্য নিয়ে জেলা প্রশাসক টুর্নামেন্টকে সামনে রেখে শুরু হয়েছে উপজেলা ভিত্তিক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বাছাইয়ের উদ্বোধন।
গোদাগাড়ী উপজেলা ক্রীড়া পরিষদের আয়োজনে শুক্রবার দুপুরে গোদাগাড়ী মাটিকাটা কলেজ খেলার মাঠে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া পরিষদের সদস্য সচিব গোদাগাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, সদস্য আনোয়ার হোসেন দুলাল, সাইফুল ইসলাম, মমিনুল ইসলাম রনক, কবিরুল ইসলাম কমল, মুরশালিন ও ক্রীড়া পরিষদের সকল সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, তৃণমূল থেকে ফুটবলার তৈরি না হলে দেশের ফুটবলে কখনই উন্নতি বা ভাল ফল করা সম্ভব নয়। তাই তৃণমূল পর্যায় থেকে মান সম্মত খেলোয়াড় তৈরির জন্য আমাদের এই আয়োজন। এর মাধ্যমে তরুণরা যেমন মাদক থেকে দূরে থাকবে, অন্যদিকে আগামীদিনে ফুলবলার হয়ে দেশের প্রতিনিধিত্ব করবে। আর তরুণদের ফুটবলার হওয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি আমরা।
জেলা প্রশাসক ২০২৫ গোল্ডকাপ ফুটবল খেলায় উপজেলার ২টি পৌরসভা ৯টি ইউনিয়ন থেকে খেলোয়ার বাছাই করে মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।


প্রকাশিত: June 21, 2025 | সময়: 4:23 am | সুমন শেখ