, , ।
স্টাফ রিপোর্টার :
বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে। বিএনপি কোন আন্ডারগ্রাউন্ড পার্টি না। বিএনপি কোন অস্ত্রবাজ না। বিএনপি জনগণের ওপর নির্ভরশীল একটি দল। বিএনপির এতো নেতাকর্মীকে জেলে নিয়েছে, হত্যা করেছে, গুম করেছে, পঙ্গু করেছে তারপরও বিএনপি গণতান্ত্রিক পথে থাকার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, শেখ হাসিনার বাবা এক সময় বাংলাদেশের রাজনীতিকে মাটির নিচে পাঠিয়ে দিয়েছিলো আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে। এক দল বাকশাল করেছিলো, শেখ হাসিনা অঘোষিত বাকশাল করেছিলেন যেনো এ দেশে কোন গণতন্ত্র না থাকে। কেউ কথা বলতে পারবে না, কেউ নির্বাচন করতে পারবে না। উনি যাই বলবে তাই হবে। উনি বুক ফুলিয়ে বলেছে, এ দেশে একটা বিরোধী দল পাইলাম না। অর্থাৎ বিরোধী দলটা উনি বানাতে চায়। সরকার উনি নিজেই, আর বিরোধী দল তার মন মতো হবে। আমরা ঐ গণতন্ত্র বিশ্বাস করি না। এ কারণে এখনও আমরা বলি, সব রাজনীতি সবাই করুক আর মানুষ ঠিক করবে কে ক্ষমতায় যাবে আর কে যাবে না।
নির্বাচন নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘অনেকেই বলে হাসিনার মতো বিএনপি খালি ভোট ভোট করে। খালি নির্বাচনের কথা বলে। আমরাতো নির্বাচনের কথাই বলবো। আমরাতো ভোটের কথাই বলবো। কারণ পাঁচ বছরে একবার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়। এই ভোটের অধিকারটাও কেড়ে নিয়েছিলো। এই ভোট দরকার ছিলো না শেখ হাসিনার। শেখ হাসিনার দরকার ছিলো ভারতের। ভারত তাকে রক্ষা করবে, ভারত তাকে ক্ষমতায় আনবে এবং আজীবন তাকে পেলে-পুষে বড় করবে। দেশ আমার আপনার, আর ভারত ঠিক করতে এইটা আমরা আগেও মানিনি এখনও মানিনা’
আব্দুস সালাম বলেন, ‘অনেকেই আওয়ামী লীগের সাথে বিএনপিকে মেলাতে চান। আওয়ামী লীগ আর বিএনপি এক জিনিস না। আওয়ামী লীগ হলো চোরের দল, বাটপারের দল, লুটেরাদের দল, ছিনতাইকারীদের দল আর বিএনপি গনতন্ত্রের দল। বিএনপি গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দল। বিএনপি স্বাধীনতা রক্ষার দল। তাই যারা মেলাতে চান, তাদেরকে বলবো- বিএনপিকে মেলাতে যায়েন না। বিএনপিকে ছোট আর শেষ করতে চায়েন না। বিএনপিকে শেষ করতে চেয়েছে অনেকেই, কেউ পারেনি বিএনপিকে শেষ করতে।’
তিনি বলেন, ‘আমরা কখনও দিল্লীর পরাধীনতা মানতে পারি না। পিন্ডি থেকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি দিল্লীর পরাধীন হওয়ার জন্য না। শুধু দিল্লী আর পিন্ডি না, পৃথিবীর কোন শক্তির কাছে পদালত হওয়ার জন্য বাংলাদেশের জন্ম হয়নি। বিএনপি সেটাই বিশ্বাস করে। আপনারা বিএনপিকে, খালেদা জিয়াকে, তারেক রহমানকে খাটো করতে চান। বিএনপিকে নিঃশেষ করতে চান। তাহলে দেশটা চালাবে কারা। যারা চায়, নির্বাচন দরকার নাই, নির্বাচন পরে হবে, তারা ষড়যন্ত্রের সাথে জড়িত। অনেক চেষ্টা করে, অনেক লড়াই করে, অনেক রক্ত দিয়ে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছি। আবার তাদেরকে ফিরিয়ে আনার জন্য না।’
কর্মী সম্মেলনে চন্দ্রিমা থানা বিএনপির আহবায়ক ফাইজুল হক ফাহির সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম জনির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. এরশাদ আলী এশা।
এসময় রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ, যুগ্ম সদস্য সচিব বজলুর রহমান মন্টুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন।
সম্মেলনে রাজশাহী মহানগর বিএনপি, চন্দ্রিমা থানা বিএনপি ও পার্শ্ববর্তী বিভিন্ন থানা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সানশাইন /রকি/শামি