সর্বশেষ সংবাদ :

ছুটি শেষে রোববার খুলছে অফিস- আদালত, ফিরতি পথে যাত্রীচাপ

সানশাইন ডেস্ক: এনজিওর কর্মী জুবাইদা ঊর্মি ঈদ কাটাতে ঢাকা থেকে গিয়েছিলেন রংপুরে শ্বশুরবাড়িতে৷ যাওয়ার পথে তেমন কোনো বেগ পেতে না হলেও রাজধানীতে ফেরার পথে পড়েছেন ভোগান্তিতে৷
শনিবার ছুটির শেষ দিনে ঊর্মি জানিয়েছেন, রংপুর থেকে বাসে করে শুক্রবার রাত সাড়ে নয়টায় রওনা হলেও ১২ ঘন্টা পরও যমুনা নদী পাড়ি দিতে পারেননি। কেবল রংপুর থেকে বগুড়ায় ঢুকতেই লেগেছে ছয় ঘণ্টার মত। যাত্রীচাপের কথা বলেছেন বরিশালের ফরহাদ সরদার।
চাঁদপুর থেকে এমভি রফরফ লঞ্চে ঢাকার পথে রওনা হওয়া ফরহাদ সরদার বলেন, “ঈদে বাড়ি গিয়েছিলাম। কাল থেকে অফিস শুরু। লঞ্চ প্রায় সময়মতো ছাড়লেও প্রচুর চাপ মানুষের। একদম পরিপূর্ণ। শেষ দিন তো, তাই সবাই বেরিয়ে পড়েছে।” টানা ১০ দিনের ঈদের ছুটির পর রোববার থেকে অফিস-আদালত খুলছে। ফলে ছুটির শেষদিনে এসে ফিরতি যাত্রার চাপ পড়েছে সড়ক, রেল ও নৌপথে।
এ বছর রোজার ঈদের আগে থেকে ছুটি শুরু হওয়ায় ভিন্ন-ভিন্ন দিনে মানুষ ঢাকা ছাড়েন। ফলে, তুলনামূলক কম ভোগান্তির কথা বলেছিলেন অনেকেই। তবে কোরবানি ঈদের আগে প্রায় একইসময়ে ছুটি হওয়ায় বাড়ি যেতে বেগ পাওয়ার কথা জানিয়েছেন কুমিল্লার মুদাফফরগঞ্জের কামরুল হাসান।
তিনি বলেন, “চাকরির জন্য ঢাকায় থাকি। কিন্তু, রোজার ঈদে আগে-পরে ছুটি হওয়ায় সবাই মোটামুটি কম ঝামেলায় যেতে পেরেছিল। কিন্তু, কোরবানি ঈদে এসে উলটো। আমি তো বাসই পাচ্ছিলাম না। পরে, ভেঙে-ভেঙে পৌঁছেছি। ঈদে তো আর বাড়ি না গেলে চলে না।”
কোরবানির ঈদ উদযাপিত হয়েছে ৭ জুন। ঈদের আগে ৫ জুন থেকে পরবর্তী ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করে সরকার। সরকারি ছুটিকে অনুসরণ করে ব্যাংক, এনজিওসহ অনেক বেসরকারি প্রতিষ্ঠানও বাড়তি ছুটি দেয় ঈদ উপলক্ষে।
সচিবালয় ও অন্যান্য সরকারি অফিস খোলার পাশাপাশি রোববার থেকে খুলছে ব্যাংক ও পুঁজিবাজারও। তবে পশুর হাট এলাকা ও তৈরি পোশাক শিল্প এলাকায় ব্যাংক সীমিত পরিসরে খোলা ছিল ঈদের আগের দিন পর্যন্ত।


প্রকাশিত: জুন ১৫, ২০২৫ | সময়: ৪:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ