লাভের আশায় বাজারে তোলা হচ্ছে অপরিপক্ক লিচু

মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা: উপজেলার বিভিন্ন হাট-বাজারে ওঠতে শুরু করেছে অপরিপক্ক লিচু। অধিক মুনাফার আশায় ব্যবসায়ীরা বাজারে এনেছেন এসব অপরিপক্ক লিচু। এগুলো দেশীয় আগাম জাতের লিচু। রাজশাহী, দিনাজপুর বা ইশ্বরদীর পরিপুষ্ট লিচু এখনো বাজারে আসেনি। এসব লিচু আসতে আরো কয়েকদিন সময় লাগবে।
ব্যবসায়ীরা বলছেন, তীব্র তাপদাহের কারণে গুটি হওয়ার সময় ঝরে গেছে অনেক লিচু। তাই এক প্রকার বাধ্য হয়েই পরিপুষ্ট হওয়ার আগেও লিচু বিক্রি করে দিচ্ছেন বাগান মালিকরা। ফলে লিচুর আসল স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে ভোক্তারা।
মাড়িয়ার লিচু ব্যবসায়ী আসাদ, আমজাদ জানান, রাজশাহী পাবনা ও দিনাজপুরের লিচু বাজারে আসতে আরো কয়েকদিন লাগবে। বর্তমানে বাজারে যে লিচু ওঠেছে তা দেশীয় গুটি লিচু।
এসব লিচু প্রতি ১০০টির দাম ৩০০ থেকে ৩৫০ টাকা। এছাড়া একই বাজারে চাইনা বারি-২ জাতের লিচু ওঠেছে। এসব লিচু খেতে অনেকটা সুস্বাদু এবং বিচি আকারে ছোট। তবে এসব লিচুর দাম নাগালের বাইরে। সোমবার স্থানীয় ভবানীগঞ্জ হাটে চাইনা বারি-২ জাতের লিচু প্রতি ১০০ টির দাম ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক জানান, সুমিষ্ট ও রসালো লিচুর জন্য ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাষাবাদের জন্য উপযোগি। টানা কয়েকদিন থেকে তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা নামা করেছে। সেই সাথে অনাবৃষ্টির কারণে গুটি ঝরে গেছে এবং লিচুর আকার ছোট হয়েছে। প্রচন্ড গরমে লিচুর আকার ছোট হলেও এর মিষ্টি বৃদ্ধি পেয়েছে।


প্রকাশিত: মে ১৩, ২০২৫ | সময়: ৪:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর